৬ মাসে ২৩ জনের মৃত্যুদণ্ডের রায়! পারিবারিক আদালতে বদলি হলেন বিচারক রবিকুমার

এলাহাবাদ:৬ মাসের মধ্যে ২৩ জনকে মৃত্যুদণ্ডের রায় শুনিয়ে খবরে উঠে এসেছিলেন মুজফফরনগরের ফাস্ট ট্র্যাক আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবিকুমার দিবাকর। তাঁর সেই রায় ঘিরে দেশজুড়ে শুরু হয়েছিল চর্চা। তাঁর কাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন অসংখ্য মানুষ, মানবতাবাদী একাধিক সংগঠন। চলতে থাকা এই বিতর্কেপ মধ্যেই বদলি করা হল রবিকুমারকে। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে তাঁকে পাঠানো হয়েছে পরিরার আদালতে।
চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ের মধ্যে ১১টি মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন রবিকুমার। ৭ সেপ্টেম্বর ২৩তম মৃত্যুদণ্ডের রায়টি দিয়েছিলেন রবিকুমার দিবাকর। স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুণ্ডের সাজা শুনিয়েছিলেন। বিষয়টি দেশজুড়ে সাড়া ফেলে দেয়। শুরু হয় প্রবল বিতর্ক। বিচারক রবিকুমারকে বরখাস্তেরও দাবি ওঠে। চাপের মুখে তাঁর এজলাসে চলা ৯৭টি গুরুতর ফৌজদারি মামলা সরিয়ে নেওয়া হয়। খুন এবং অন্য যে সব মামলার অর্ধেক শুনানি হয়েছিল, সেগুলি পাঠানো হয় বিচারক বীরেন্দ্রকুমার সিং–এর এজলাসে। এবার তাঁকে বদলির করার সিদ্ধান্ত নেওয়া হল। এবার থেকে পারিবারিক আদালতের অতিরিক্ত মুখ্য বিচারকের দায়িত্ব সামলাবেন তিনি। অন্যদিকে ফাস্ট ট্র্যাক আদালতে অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারকের দায়িত্ব নিচ্ছেন শিব কুমারী।
