গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও, ককরোচ বাহিনীর বিরুদ্ধে দেশজুড়ে বড় কর্মসূচিতে বিজেপির

সংবাদদাতা, কলকাতা: বিরোধীদের ক্রমবর্ধমান আন্দোলন রুখতে এ বার কোমর বেঁধে ময়দানে নামছে বিজেপি। ‘ককরোচ বাহিনী’ ও অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ নামে দেশব্যাপী প্রচার কর্মসূচির ডাক দিয়েছে পদ্ম শিবির। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। নীতিন নবীন সর্বভারতীয় সভাপতি হওয়ার পর এটাই বিজেপির প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি হতে চলেছে।
সম্প্রতি নিট প্রশ্ন ফাঁস বিতর্ক এবং ভোটার তালিকা সংক্রান্ত এস আই আর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি ও জেন-জি তরুণ প্রজন্ম। বিজেপির মতে, লোকসভা নির্বাচনের আগে দেশে ‘অরাজকতা’ তৈরির চক্রান্ত চলছে। পাল্টা চালে শীর্ষ বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তুলবেন ‘ভারত কি বাংলাদেশ বা নেপালের পথে হাঁটবে’ পাশাপাশি, আইটি সেলকেও নৈরাজ্যের বিরুদ্ধে ব্যাপক প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার সল্টলেকে রাজ্য বিজেপি কার্যালয়ে শমীক ভট্টাচার্য ও সুনীল বনসলের উপস্থিতিতে একটি রুদ্ধদ্বার বৈঠকে ঘুঁটি সাজানো হবে। সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি জেলায় ১০ হাজার মানুষের জমায়েতে মিছিল করা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের ২০০ জন বিশিষ্ট ব্যক্তির বাড়ি গিয়ে প্রচার চালাবেন নেতারা। এ ছাড়া, ছাত্র-যুবদের পাশে পেতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে সেমিনারের পরিকল্পনা রয়েছে। ২০২৭-র গোড়াতেই উত্তরপ্রদেশ, গুজরাট ও উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগেই বিরোধীদের আন্দোলন স্তব্ধ করাই নীতিন নবীনের নেতৃত্বের আসল পরীক্ষা।
