বড়পর্দায় শ্যামাপ্রসাদ, মধুর ভান্ডারকরের পরিচালনায় আসবে ‘শ্যামা— দ্য মিসিং চ্যাপ্টার’

সুনেত্রা সেনগুপ্ত
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবার বড় পর্দায়। প্রখ্যাত মধুর ভান্ডারকরের পরিচালনায় আসতে চলেছে শ্যামাপ্রসাদের বায়োপিক ‘শ্যামা— দ্য মিসিং চ্যাপ্টার’। এই মুহূর্তে পরিচালক ব্যস্ত রয়েছেন ‘দ্য ওয়াইভ্স অফ বলিউড’ ছবি নিয়ে। জানা গেছে, এই ছবির কাজ শেষ হলেও তিনি শুরু করবেন ভারতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদের জীবন ও কর্মভিত্তিক নতুন এই ছবির কাজ। প্রযোজক প্রযোজক আদিত্য কুমার হলওয়াসিয়ার সঙ্গে যৌথভাবে এই ছবি প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ভান্ডারকর এন্টারটেনমেন্ট এবং এ কেএইচ ভেঞ্চার্স।
জানা গেছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরা হবে ছবিতে। জওহরলাল নেহরুর মন্ত্রিসভার সঙ্গে মতাদর্শগত সংঘাত, মন্ত্রিসভা ত্যাগ, ১৯৫১ সালে ভারতীয় জনসঙ্ঘ প্রতিষ্ঠার ঘটনাসহ একাধিক বিষয় উঠে আসবে পর্দায়। নির্মাতরা জানিয়েচেন, পাশাপাশি ছবির গল্পে দেখানো হবে ১৯৫৩ সালে জম্মু ও কাশ্মীরে পারমিট ব্যবস্থার বিরুদ্ধে তাঁর আন্দোলন এবং বন্দি অবস্থায় তাঁর মৃত্যুর কাহিনিও।
মধুর ভান্ডরকর জানিয়েছেন, এই ছবি তৈরি করা অত্যন্ত কঠিন একটি দায়িত্ব। তাঁর কাছে অন্যতম বড় চ্যালেঞ্জও বটে। সততা, সংবেদনশীলতা ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাসের এই অধ্যায়কে তুলে আনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্যদিকে এই ছবির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ভারতের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরাই লক্ষ্য বলে জানিয়েছেন প্রযোজক আদিত্য কুমার হলওয়াসিয়া।
