মন্দারমণিতে সমুদ্র–স্নানে দুর্ঘটনা, ৪ জনকে উদ্ধার, দেহ উদ্ধার ১ জনের, নিখোঁজ ১

সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ফের দুর্ঘটনা মন্দারমণিতে। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৬ যুবক। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ৪ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে ১ জনের দেহ। একজন এখনও নিখোঁজ। তাঁর খোঁজে চলছে তল্লাশি।
পুলিশ সূত্রে খবর, পুজোর ছুটি উপলক্ষে বুধবার হাওড়ার ডোমজুড় থেকে ৬ যুবক মন্দারমণিতে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ তাঁরা মন্দারমণির মনসা মন্দির সংলগ্ন সমুদ্র সৈকতে স্নান করতে নামেন। সেই সময় হঠাৎই প্রবল ঢেউয়ের তোড় সামলাতে না পেরে ৬ জনই তলিয়ে যেতে থাকেন। এই দৃশ্য প্রথম চোখে পড়ে নুলিয়াদের। তারা সঙ্গে সঙ্গে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। ৪ জনকে জল থেকে তুলে আনতে পারলেও বাকি দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্রোতের টানে তাঁরা তলিয়ে যান। জানা গেছে, নিখোঁজ ২ জন সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক। তাদের নাম শেখ সাহিল (২২) এবং শেখ শাহিদ (২৫)। বৃহস্পতিবার রাতে স্পিড বোট নিয়ে গভীর সমুদ্রে তল্লাশির সময় শেখ শাহিদের মৃতদেহ উদ্ধার হয়।
শুক্রবার সকাল থেকেও শুরু হয়েছে তল্লাশি অভিযান। কিন্তু প্রায় একদিন পেরিয়ে যাওয়ার পর নিখোঁজ ১ জন আদৌ জীবিত আছেন কিনা সে বিষয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
