মালদায় বিজেপি কর্মী খুনের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সংবাদদাতা, মালদহ: দশমীর দিন বিজেপি কর্মী সমীর ঘোষের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে থমথমে মালদহের ইংরেজবাজার থানার রামকেলি এলাকা।এই ঘটনায় ইতিমধ্যেই রঞ্জন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, তৃণমূল কর্মী শত্রু ঘোষ–সহ মোট আটজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের ভাই অমিত ঘোষ। মৃতের পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই এই খুনের ঘটনা। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। অভিযোগের তির এলাকার তৃণমূল কর্মী শত্রু ঘোষ ও তাঁর সঙ্গীদের দিকে।
প্রসঙ্গত, দশমীর দিন বিকেলে রামকেলি এলাকায় সমীর ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। এরপর তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁর মৃত্যু হয়।এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ।
ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রাখছে পুলিশ।
