প্রতিবাদ ও জাতীয় পতাকার ছবি ‘আপত্তিকর’! প্রদর্শনী থেকে সরল প্রিয়াঙ্কা–পুত্রের ৭০টি ছবি ফটোগ্রাফ

সংবাদদাতা, নয়াদিল্লি: ফটোগ্রাফার হিসেবে যথেষ্ট খ্যাতি পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী পুত্র রায়হান বডরার। দিল্লির বিকানের হাউসে বুধবার বিকেলে তাঁর ছবির একক প্রদর্শনী হওয়ার কথা ছিল। শিরোনাম ‘নো আইডিয়া ইজ ফাইনাল’ । সেখানে রাখা ছিল রায়হানের তোলা একশোর বেশি ফটোগ্রাফ। অভিযোগ, প্রদর্শনী শুরুর কয়েকঘণ্টা আগে আয়োজকরা তাঁকে জানান, কিছু ছবি সরিয়ে ফেলতে হবে। কারণ সেগুলি ‘আপত্তিকর’। কিন্তু কী কারণে ছবিগুলির গায়ে সেঁটে দেওয়া হল ‘আপত্তিকর’ তকমা? রায়হান জানিয়েছেন, ওই ছবিগুলি ছিল মূলত ছাত্রদের প্রতিবাদের। তাছাড়া জাতীয় পতাকার ছবিও সরিয়ে ফেলতে বলা হয়েছিল। রায়হানের দাবি, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ওই ছবি দেখানো উচিত নয় বলে জানানো হয় তাকে। ওই ছবিগুলি সরিয়ে না ফেললে প্রদর্শনী বাতিল করে দেওয়া হবে বলেও জানান আয়োজকরা। কিন্তু জাতীয় পতাকার ছবি সরাতে চাননি রায়হান। তার জেদের ফলে শেষ পর্যন্ত তেরঙ্গার ছবি সরানো হয়নি। অভিযোগ, প্রায় ৭০টি ছবি সরিয়ে নেওয়া হয় শেষ মুহূর্তে। ৪০টি ছবি নিয়ে শুরু হয় প্রদর্শনী। প্রিয়াঙ্কা পুত্রের দাবি, তাঁর ছবিতে কোনও রাজনৈতিক বার্তা ছিল না। শিল্পী হিসাবেই তিনি ছবিগুলি লেন্সবন্দি করেছিলেন।
ঘটনায় সুর চড়িয়েছে কংগ্রেস শিবির। প্রিয়াঙ্কা গান্ধী ছেলেকে লেখা একটি খোলা চিঠিতে জানিয়েছেন, ‘ক্ষমতাসীন কেউ যদি অন্যের মত দেখে ভয় পায়, তাহলে সে ওই ক্ষমতাটাই হারিয়ে ফেলেছে যেটা রক্ষা করতে এত প্রাণপণ চেষ্টা। যেটা সত্য, তুমি সেটা ধরে থাক। তাতেই সবকিছু ভালো হবে। তোমার জন্য আমি গর্বিত।’ অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরার বলেছেন, যখন জাতীয় পতাকার ওপরেও কাঁচি চলতে শুরু করেছে, তখন বুঝতে হবে সমস্যাটা শাসকের, শিল্পীর নয়।
