ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত পঞ্চায়েত সমিতির সভাপতি

সংবাদদাতা, পুরুলিয়া : ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়ার আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাজির। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী এবং দুই সন্তান। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে আড়শা থানার হেঁসলা মোড় এলাকায়। জানা গেছে, মহাষ্টমীর দিন পরিবার নিয়ে পুরুলিয়া শহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন বিশ্বরূপ। বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাঁর গাড়ি। রাস্তার পাশের একটি জমিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বিশ্বরূপ মাঝি এবং তাঁর পরিবারের লোকজনকে উদ্ধার করে পুরুলিয়ায় দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখানেই চিকিৎসকরা বিশ্বরূপ মাঝিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর বিশ্বরূপ মাঝির স্ত্রী এবং সন্তানরাও গুরুতর আহত। বিশেষ করে তাঁর বড় ছেলের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে, উন্নত চিকিৎসার জন্য তিন জনকে টাটার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছ।
