ব্রাউন সুগার তৈরির কাঁচামাল–সহ গ্রেপ্তার ৩ মহিলা
সংবাদদাতা, মালদহ: অবৈধ মাদক কারবারে এক অভিনব কৌশল ফাঁস। প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ তিন মহিলাকে গ্রেপ্তার করল মালদহ টাউন জিআরপি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জাবরুন নেশা, জ্যোৎস্নারা বেগম এবং আনওয়ারা বেগম। এদের বাড়ি অসমের করিমগঞ্জ ও হোজায় জেলায়। কোলের একটি ছোট বাচ্চা নিয়ে সাধারণ যাত্রীর ছদ্মবেশে এই পাচার চালাচ্ছিল তারা।
জিআরপি সূত্রে খবর, ধৃত ওই তিন মহিলা বিবেক এক্সপ্রেসে চেপে ডিমাপুর স্টেশন থেকে মালদার দিকে আসছিল। মূলত সন্দেহের বাইরে থাকার জন্যই কোলের বাচ্চাকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল তারা। ট্রেনটি পুরাতন মালদা স্টেশনে পৌঁছানোর পর সেখানে নির্ধারিত স্টপেজ না থাকা সত্ত্বেও ট্রেন হঠাৎ দাঁড়ালে তারা নেমে পড়েন। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে রেল পুলিশ। এরপর মহিলা কনস্টেবলদের দিয়ে তল্লাশি চালাতেই তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় ১ কেজি ২৮০ গ্রাম ব্রাউন সুগার তৈরির দামি কাঁচামাল। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
প্রাথমিক জেরায় পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধৃত মহিলারা জানিয়েছেন, তারা শুধুমাত্র বাহক বা ক্যারিয়ারের কাজ করছিল। ডিমাপুর থেকে এই নিষিদ্ধ কাঁচামালগুলি মালদায় পৌঁছে দেওয়ার জন্য তাদের মাথাপিছু মাত্র ১৫ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়েছিল। মূলত আর্থিক লোভের ফাঁদে পা দিয়েই তারা এই বিপজ্জনক মাদক পাচারের মতো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন।
শনিবার ধৃত তিন মহিলাকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। এত বিপুল পরিমাণ ব্রাউন সুগার তৈরির কাঁচামাল কোথা থেকে এল এবং এই চক্রের মূল পাণ্ডা বা স্থানীয় কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ঘটনার জেরে রেলপথে মাদক পাচারের রুটগুলি নিয়ে তৎপরতা আরও বাড়িয়ে দিয়েছে জিআরপি
