সিউড়িতে সিপিএমের বুক স্টল বন্ধ করল পুলিশ
সংবাদদাতা, সিউড়ি: বীরভূমের সিউড়িতে বুক স্টল তৈরিকে কেন্দ্র করে পুলিশি বাধা ও রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ল। এসইউসিআইয়ের পর এবার সিপিএমের উদ্যোগে তৈরি হওয়া একটি রাজনৈতিক বুক স্টলের কাজ বন্ধ করে দিল প্রশাসন। প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় শেষ পর্যন্ত তৈরি হওয়া স্টলটি খুলেও ফেলতে বাধ্য হন কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সিউড়ি জেলা সংশোধনাগার সংলগ্ন এলাকায় সিপিএমের পক্ষ থেকে একটি বুক স্টল তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। সংশ্লিষ্ট স্থানটি পূর্ত দপ্তরের অধীন হওয়ায় পুলিশকর্মীরা বৈধ অনুমতিপত্র দেখতে চান। তবে তা দেখাতে না পারায় প্রশাসনিক নিয়ম মেনে স্টল তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে অনুমতি না মেলায় কাজ অসমাপ্ত রেখেই ফিরে যেতে হয় সিপিএম কর্মীদের।
প্রশাসনের তরফে বিষয়টিকে নিছকই আইনগত ও নিয়মবহর্ভূত কাজ ঠেকানোর পদক্ষেপ হিসেবে দেখানো হয়েছে। তবো এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে সিপিএম নেতৃত্ব। সিপিএম নেতা মতিউর রহমান জানান, রাস্তার যে অংশে স্টলটি করা হচ্ছিল তা পূর্ত দপ্তরের হওয়ায় পুলিশ বাধা দিয়েছে। তবে এই পদক্ষেপে তাঁরা দমে যাচ্ছেন না। তিনি আরও বলেন, বই পড়া কোনওভাবেই বন্ধ করা যাবে না। বিজেপি চাইলেও মানুষকে বই পড়া থেকে বিরত রাখতে পারবে না। সাধারণ মানুষ যাতে বিকল্প রাজনৈতিক মতাদর্শ ও বইয়ের খোঁজ না পায়, সেই কারণেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
বিকল্প পরিকল্পনা হিসেবে সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে অন্য কোনও বেসরকারি দোকানদারের জায়গা ব্যবহারের অনুমতি নিয়ে অথবা নিজেদের পার্টি অফিসের সামনেই বুক স্টল তৈরি করা হবে। প্রশাসনিক এই নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পালটা অভিযোগে সিউড়ির রাজনীতি বর্তমানে বেশ উত্তপ্ত।
