অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় মালদায় মহিলাদের দেবী আরাধনা
সংবাদদাতা, মালদা: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিয়ে দুর্গাপুজো করে মহিলারা নজর কেড়েছেন শহরের পাশাপাশি গ্রামেও। এবার দুর্গাপুজোকে ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠলেন বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েতের কাঠুয়াডাঙা গ্রামের বাসিন্দারা। নারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত কাঠুয়াডাঙা সর্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে গ্রামজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। মহিলাদের উদ্যোগে আয়োজিত এই পুজোয় সামিল গ্রামের অসংখ্য মানুষ।
শুক্রবার রাতে ফিতে কেটে পুজোর শুভ উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপালি বালা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহা, বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং, বীণা কীর্তনিয়া এবং বামনগোলা থানার আইসি অমিত মাসান্তা সহ বিশিষ্ট ব্যক্তিরা।
পুজোর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। পুজোর আনন্দের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতে অনুষ্ঠানে দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উৎসবের মরশুমে নতুন বস্ত্র পেয়ে খুশি অসংখ্য মানুষ।
নারী কল্যাণ সমিতির উদ্যোগে এই পুজো শুধু ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং গ্রামবাসীদের একত্রিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তাও তুলে ধরেছে। মহিলাদের সক্রিয় অংশগ্রহণে কাঠুয়াডাঙা সর্বজনীন দুর্গাপুজো গ্রামবাসীদের মধ্যে তৈরি করেছে বাড়তি উৎসাহ।
