বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শহরজুড়ে যানজট,  কড়া পদক্ষেপ লালবাজারের

16 October, 2026 5:52 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:দুর্গাপুজোর শুরুতেই মণ্ডপে মানুষের উপচে পড়া ভিড়ের জেরে গত কয়েকদিন ধরেই শহর ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এবং বাইপাসে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে । অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেই চরম ভোগান্তির মুখে পড়ছেন । এই পরিস্থিতি সামাল দিতে এবার নড়েচড়ে বসল লালবাজার । যানজট নিয়ন্ত্রণে কঠোর একাধিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বাইক আরোহীদের ওপর নজরদারি ও কড়া আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে ।
এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, পুজোর দিনগুলিতে শহর ও শহরতলিতে বহু মানুষ বাইরে থেকে আসেন এবং রাস্তা পারাপার করেন । রাস্তাঘাটে পর্যাপ্ত শৃঙ্খলা না থাকলে এবং গাড়ি ও পথচারী একসঙ্গে চলতে শুরু করলে সমস্যা তৈরি হওয়া স্বাভাবিক । তবে পুজোর শুরুতেই মানুষের এই অতিরিক্ত ভিড়ের কারণে কিছুটা হয়রানি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন তিনি ।

মা ফ্লাইওভারে অতিরিক্ত চাপ ও বিশেষ ব্যবস্থা

শহরের সাধারণ রাস্তার পাশাপাশি প্রবল চাপ বাড়ছে মা ফ্লাইওভারের ওপরও । এই বিষয়ে পুলিশ কমিশনার জানান, একদিকে নিউ টাউনের ট্রাফিক এবং অন্যদিকে কলকাতার ট্রাফিক—উভয়েরই অতিরিক্ত চাপ এসে পড়ে মা ফ্লাইওভারের ওপর ।
ফ্লাইওভারে যানজট এড়াতে এবং কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে । ফ্লাইওভারের উপর যান্ত্রিক ত্রুটির কারণে কোনও গাড়ি খারাপ হয়ে গেলে, সঙ্গে সঙ্গে সেটিকে সরিয়ে রাস্তার মাঝখানে নিয়ে এসে ছোট ক্রেনের সাহায্যে দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে । ট্রাফিকের সামগ্রিক সমস্যাগুলি মেটানোর জন্য কলকাতা পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে এবং এই বিষয়ে সরকারি স্তরেও আলোচনা চলছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, পুজোর সময় ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। প্রতিবারের মত এবার আমরা সেটাই করব । লালবাজারের সূত্র মারফত জানা গিয়েছে, শহরের বড় বড় মণ্ডপগুলির পাশাপাশি কেনাকাটার শেষ মুহূর্তে বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রগুলিতে মানুষের ঢল নেমেছে । বিশেষ করে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ও তার সংলগ্ন এলাকা, মধ্য কলকাতার নিউ মার্কেট ও ধর্মতলা চত্বর এবং উত্তর কলকাতার হাতিবাগান ও শ্যামবাজারে প্রচুর ভিড় জমেছে ।

এছাড়াও যাদবপুর, কসবা, পার্ক সার্কাস এবং উত্তর কলকাতার বিভিন্ন শপিং মলের আশপাশেও মানুষের সমাগম লক্ষ্য করা গিয়েছে । এর ওপর আবার বিকেলের পর থেকে অফিস ফেরত যাত্রীদের ভিড় যুক্ত হওয়ায় শহরের বিভিন্ন অংশে যান চলাচল কিছুটা ধীরগতিতে হচ্ছে । তবে সাধারণ মানুষের যাতায়াত মসৃণ রাখতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে ময়দানে নেমেছেন ট্রাফিক আধিকারিক ও কর্মীরা ।
যান চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে । বিশেষ করে বাইপাস-সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে হেলমেটবিহীন বাইক চালক এবং বাইকে ট্রিপল রাইডিং বা তিন জন চড়ে যাতায়াতের মতো বিপজ্জনক বিষয়ের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার ।

প্রতিবেদন

Lopa Bhowmik