প্রাক্তন বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, আশঙ্কাজনক ২
ভয়াবহ পথ দুর্ঘটনা সন্দেশখালির ন্যাজাটে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ২ জন। গুরুতর আহত আরও ২। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। জানা গেছে, বুধবার সকালে চরবেড়িয়া বয়ারমারী এলাকায় বাসন্তী হাইওয়েতে প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতর গাড়ি একটি টোটোকে সজোরে ধাক্কা মারে। তারপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি পুকুরে গিয়ে পড়ে। টোটোর মধ্যে থাকা যাত্রীদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর স্থানীয়রাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে আসে পুলিশ। জানা গেছে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রাক্তন বিধায়ক। পরে প্রতিক্রিয়া দিতে গিয়ে দাবি করেন, তাঁর গাড়ির গতি কত ছিল তা তিনি জানেন না। তবে রাস্তায় দুটি টোটোর মধ্যে রেষারেষি চলার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তাঁর গাড়িটি একটি টোটোকে পাশ দিতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সন্দেশখালি কেন্দ্র থেকে জয়ী হন সুকুমার মাহাত। কিন্তু ২০২৪ সালে সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশি তদন্ত চলাকালীন তাঁর সঙ্গে সুকুমারের ঘনিষ্ঠতার বিষয়টি সামনে আসে। এরপর ২০২৬ সালের নির্বাচনে তাঁকে আর টিকিট দেয়নি তৃণমূল।
