কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপর ছুরি নিয়ে হামলার চেষ্টা, আটক মহিলা
সংবাদদাতা, কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে তাঁকে আক্রমণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ তুলল কালীঘাটপন্থী তৃণমূল। দলের সাংসদ দোলা সেনের দাবি, এক মহিলা ছুরি হাতে মমতার দিকে তেড়ে এসেছিলেন। ঘটনার পর কালীঘাট থানায় জানিয়েছেন সাংসদ দোলা সেন। অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের বিজেপি সরকারের দিকে। যদিও সরকারের পক্ষ থেকে মন্ত্রী তাপস রায় পাল্টা কটাক্ষ করেছেন। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে।
কালীঘাট থানার ওসি-কে ইমেল করে ঘটনার বিবরণ দিয়েছেন দোলা। সেই ইমেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। দোলার বক্তব্য, সে সময় মমতা, কালীঘাটপন্থী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় ও তিনি নিজে কালীঘাটের মিলন সঙ্ঘের পুজোয় যাচ্ছিলেন। হঠাৎ এক মহিলা ‘পিসি’ বলে ডাকতে ডাকতে ছুটে আসেন এবং মমতার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর তিনি রাস্তায় শুয়ে পড়ে গালিগালাজ করতে থাকেন। দোলার দাবি, ওই মহিলা মত্ত অবস্থায় ছিলেন এবং তাঁর হাতে ছুরি ছিল।
দোলার কথায়, মহিলার নাম তন্নিষ্ঠা সাহা। তিনি নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দিয়েছেন। এবং মমতার ভাগ্নি বলেও দাবি করেন মহিলা। দোলার আরও অভিযোগ, ওই মহিলা মাদকাসক্ত ছিল। মমতার বাড়ির দরজায় দাঁড়িয়েও নাকি তিনি গালমন্দ করেন।
Kolkata, West Bengal: On police stopping the protest rally, Former Chief Minister Mamata Banerjee says, “I did not call for this rally; rather, it was organized by students and the youth. Despite this, the police stopped our rally…” https://t.co/2RkOOgm83W
— IANS (@ians_india) October 13, 2026
দোলার অভিযোগ, ঘটনার পর সেখানে মোতায়েন দু’জন পুলিশকর্মীকে বিষয়টি জানালে তাঁরা নিজেদের রাজ্য পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তাঁরা জানান, কলকাতা পুলিশের এলাকায় তাঁদের কিছু করার এক্তিয়ার নেই। দোলার দাবি, পরে অভিযুক্তকে পুলিশ খানিক দূরে নিয়ে গিয়ে চা খাওয়াচ্ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, বর্তমান মুখ্যমন্ত্রী কি চান না যে মমতা নিরাপদে থাকুন?
এই অভিযোগের জবাবে রাজ্য়ের শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন। পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেন, গত ১৫ বছরে মমতা কি রাজ্যের মহিলা ও সাধারণ মানুষ, এমন কী বণিকমহলকে নিরাপত্তা দিতে পেরেছিলেন? এখন তিনি হাহাকার করছেন, নিজের শাসনকাল ভুলে গিয়েছেন বলে কটাক্ষ করেন তাপস। তবে তিনি এ-ও জানান, মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেবেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
