রাজাবাজারে মমতার ডাকা মিছিল এগোলোই না, সিপি জানালেন, অনুমতি নেই
সংবাদদাতা, রাজাবাজার: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কলকাতার রাজাবাজার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি মিছিল করার ঘোষণা করা হয়। তবে সেই মিছিলের কোনও অনুমতিই দেওয়া হয়নি বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। মমতার মিছিল নিয়ে সোমবার রাতেই সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেন, মিছিল না করাই উচিত। ওঁকে আমি পরামর্শ দেব, অনুরোধ করব আমি। উনি বয়সে বড়। এইগুলো না করাই ভালো। আর রাজাবাজার থেকে পার্ক সার্কাস কেন বেছে নিয়েছেন। আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে।
মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ার দিন দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করার কথা ঘোষণা করা হয়েছিল। যদিও দুপুর ৩টের পরেও সেই মিছিল শুরু করা যায়নি। মমতাও সেই সময় পর্যন্ত মিছিলে পৌঁছননি বলেই খবর। তবে কর্মসূচিতে রয়েছেন দোলা সেন, কুণাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। তবে আগেই কলকাতা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় যে, মিছিলের অনুমতি তারা দেয়নি। সিপি অজয় নন্দা বলেন, আমাদের কাছে মিছিলের কোনও খবর নেই। এই কারণেই সরকারি ভাবে আমি জানি না কার মিছিল রয়েছে বা সেই মিছিলে কত লোক হবে। সেই মিছিল কোথায় শুরু হবে বা কোথায় শেষ হবে, সেটাও জানি না। আমাদের এখানের সিস্টেম হল, যে মিছিল হয়, তার জন্য লোক আবেদন করেন। সেখানে কার মিছিল, কখন মিছিল, সেই সব জানানো হয়। হতে পারে সেখানে অন্য কারও মিছিল রয়েছে বা কোনও সমস্যা রয়েছে। সেই কারণেই এর একটা প্রক্রিয়া রয়েছে। তারপর কথাবার্তা হয়। কত মানুষ আসবেন, কোথা থেকে কোথা পর্যন্ত হবে এই মিছিল, সেই সব জানা হয়। কোনও মিছিলের কারণে ট্রাফিকে সমস্যা হতে পারে। সেটা আমরা কীভাবে সমাধান করব, সেগুলো খতিয়ে দেখা হয়। সেই কারণেই কেউ মিছিল করলে, এই সব বিষয়ের খেয়াল রাখা প্রয়োজন। সেই কারণে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করেন, তাঁদের সঙ্গে কথা বলা দরকার। মানুষ সেটা পালন না করলে অরাজকতা তৈরি হতে পারে। বেলা বাড়লেও মিছিল আটকে থাকে রাজাবাজারেই।
