বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বিহারের SIR মামলায় ফর্ম ৬ ছিল না, অনুমোদনের প্রশ্নই নেই, ফের ব্যাখ্যা সুপ্রিম কোর্টের

12 October, 2026 4:42 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: নতুন ফর্ম ৬-এর পরিবর্তনে সুপ্রিম কোর্টের কোনও অনুমোদন ছিল না। আগেই একথা জানিয়েছিল শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ সেই মন্তব্যের আরও স্পষ্ট ব্যাখ্যা দিলেন। আদালত জানিয়েছে, বিহারের এসআইআর মামলার রায়ের সময়ে নতুন করে ফর্ম ৬-এর বিষয়টি খতিয়ে দেখা হয়নি। ওই মামলায় ফর্ম ৬ বিচারাধীনই ছিল না। তাই এ বিষয়ে অনুমোদন দেওয়া বা না-দেওয়া, কোনওটাই করেনি আদালত। এর বৈধতা নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি।

নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। গত সোমবার ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, ফর্ম ৬-এর পরিবর্তনে আদালত অনুমোদন দেয়নি। তার আগে, ২৬ সেপ্টেম্বর একটি বিবৃতিতে নির্বাচন কমিশন দাবি করেছিল, ফর্ম ৬ আবেদনের সঙ্গে ভোটারদের যে ঘোষণাপত্র দিতে হয়েছে, সুপ্রিম কোর্ট তা বহাল রেখেছে। আদালতের মন্তব্যে কমিশনের সেই দাবি কার্যত নস্যাৎ হয়ে গিয়েছে।

আইনি খবরের ওয়েবসাইট ‘লাইভ ল’-এর সূত্রে জানা গিয়েছে, সোমবার অন্য একটি মামলার শুনানিতে আদালত বিষয়টি মৌখিকভাবে আরও পরিষ্কার করে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ চ্যালেঞ্জ করে পাল্টা মামলা করেছেন প্রিয়া মিশ্র নামে এক মহিলা। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে সেই মামলা ওঠে। মামলাকারীর আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে যে নতুন ফর্ম ৬ আদালত-অনুমোদিত নয়। অথচ কমিশন বলছে এটি সুপ্রিম কোর্ট-অনুমোদিত। এই অসঙ্গতি নিয়েই তিনি আদালতের বক্তব্য জানতে চান।

জবাবে বিচারপতি বাগচী বলেন, নতুন ফর্ম ৬ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, আদালত শুধু এটুকুই বলেছে। তিনি আরও ব্যাখ্যা করেন, প্রধান বিচারপতির বক্তব্যের মানে হল, বিহারের এসআইআর-এর রায়ের সময়ে মামলায় নতুন ফর্ম ৬-এর প্রসঙ্গই ছিল না। তাই অনুমোদন দেওয়া বা না-দেওয়া, কোনওটাই আদালত করেনি। তিনি জানান, আদালত বিষয়টি খতিয়ে দেখবে। কমিশনের কার্যপদ্ধতি নিয়ে মামলার শুনানি আগামী ২৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আদালত জানিয়েছে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ চ্যালেঞ্জ করা প্রিয়া মিশ্রের মামলাটিও একই সঙ্গে শোনা হবে।

ভোটার তালিকায় নতুন ভোটারের নাম তুলতে ফর্ম ৬ ব্যবহার করে আবেদন করতে হয়। এসআইআরের সময় নতুন ভোটারদের ফর্ম ৬-এর সঙ্গে একটি অতিরিক্ত ঘোষণাপত্র দিতে হয়েছে। তাতে জানাতে হয়েছে, আগের এসআইআরে তাঁদের নিজের, বাবা-মায়ের বা ঠাকুরদা-ঠাকুমা/দাদু-দিদার নাম ছিল কি না। এ নিয়ে বিতর্ক তৈরি হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ফর্ম ৬-এর এই বদল নিয়ে দু’জন নির্বাচন কমিশনারের আপত্তি ছিল।

প্রতিবেদন

UTSAB RC