মালদহে বাড়ির সামনে থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতির ছেলের দেহ
সংবাদদাতা, মালদহ: সাত সকালে মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহ জেলার গাজোল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল এলাকায়। সোমবার সকালে এক যুবকের রহস্যজনক নিথর দেহ উদ্ধার হয় তাঁরই বাড়ির সামনে থেকে। মৃত যুবকের নাম বিপ্লব মুর্মু। মৃত যুবকের বাবা মাঝি মুর্মু ওই এলাকারই ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক স্থানীয় মহিলা প্রথমে বিপ্লবের নিথর দেহ বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে তাঁরা ছুটে আসেন এবং যুবকের মৃতদেহ দেখতে পান। পরিবারের দাবি, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়। মৃত যুবকের বাবা মাঝি মুর্মুর অভিযোগ, তাঁদের ছেলেকে অত্যন্ত পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই মৃত্যুর নেপথ্যে রাজনৈতিক শত্রুতা কিংবা কোনও প্রেমঘটিত কারণ থাকতে পারে বলেও প্রাথমিক আশঙ্কা করা হচ্ছে।
খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তদন্ত শুরু করতে পুলিশ দ্রুত মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য সমস্ত আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শনে যান মালদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
