ইংরেজবাজার দুর্গোৎসবের আকর্ষণ ‘বৃহঙ্গ বিলাস’
সংবাদদাতা, মালদহ: প্রতিবারের মতো এবারও দুর্গাপুজোয় চমক দিতে প্রস্তুত মালদহ শহরের ইংরেজবাজার ২ নম্বর গভমেন্ট কলোনি ইউনাইটেড ক্লাব অ্যান্ড লাইব্রেরি। তাদের ৭২তম বর্ষের পুজোয় এবার বিশেষ আকর্ষণ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে ‘বৃহঙ্গ বিলাস’ থিম।
থিমের মূল বার্তা হল— খাঁচার বন্দিদশা থেকে পাখিদের মুক্তি চাওয়া এবং তাদের স্বাধীন জীবনের আকুতি। একটি মনোরম গ্রাম্য পরিবেশের পটভূমিতে এই পাখিরালয় গড়ে তোলা হয়েছে। মণ্ডপ সজ্জায় কৃত্রিমতার বদলে প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব উপকরণের ছোঁয়া রাখা হয়েছে। এখানে নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে, মাটির হাঁড়ি ও নারকেলের খোল, শাল পাতা ও বাটি, খড়, বাঁশ এবং তাল পাতা, খেজুর গাছ, তালগাছ। নিপুণভাবে বিভিন্ন প্রজাতির পাখি স্থানীয় মৃৎশিল্পীরা গড়ে তুলেছেন। মৃৎশিল্পী ও মণ্ডপ শিল্পীদের যৌথ উদ্যোগে তৈরি এই সুদৃশ্য মণ্ডপ এবং প্রতিমা দর্শকদের নজর কাড়বে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি চোখ ধাঁধানো আকর্ষণ হিসেবে থাকছে চটকদার আলোকসজ্জা। পুজো উদ্যোক্তাদের দাবি, প্রতি বছরের মতো এবারও তাদের এই অভিনব থিম মালদহবাসীকে মুগ্ধ করবে। হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি থাকায় এখন থেকেই জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ ও সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, পুজোর কদিন দর্শকদের সাহায্যে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিক জনকল্যাণমূলক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবমিলিয়ে, পরিবেশবান্ধব ভাবনা এবং গ্রাম বাংলার চেনা রূপের টানে এবারেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমবে এই পুজো মণ্ডপে, এমনটাই প্রত্যাশা সকলের।
