এক ফোনেই পৌঁছে যাবে পুলিশ, মহালয়ায় ‘হেল্পলাইন ১১২’ শুরু রাজ্য়ের
সংবাদদাতা, কলকাতা: বিপদে পড়লে আর সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে না, এক ফোনেই পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার দিন থেকে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হল সর্বভারতীয় জরুরি হেল্পলাইন ‘১১২’। একই সঙ্গে পুলিশি পরিকাঠামোর আধুনিকীকরণের সূচনা করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাজ্য পুলিশের জন্য ৪৫০টি নতুন গাড়ি ও ৪৫০টি মোটরবাইক তুলে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের প্রতিটি থানা একটি করে নতুন চারচাকা এবং একটি করে মোটরবাইক পাবে। এই গাড়িগুলি চালানোর জন্য নিয়োগ করা হয়েছে ১,৫০০ জন চালক।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা এবং পুলিশের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দেন শুভেন্দু। পার্ক স্ট্রিটের পুরনো ঘটনা ও আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলার প্রসঙ্গ তুলে তিনি হুঁশিয়ারি দেন, পুলিশের গায়ে হাত দেওয়ার সাহস দেখালে কোনও দুষ্কৃতীরই রেহাই মিলবে না, পরিণতি হবে ভয়ংকর। আসানসোলে ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করা হয়েছে বলেও তিনি মনে করিয়ে দেন।
আগের সরকারের সমালোচনা করে পুলিশমন্ত্রী বলেন, তাদের আমলে পুলিশ প্রশাসন কার্যত কঙ্কালসার হয়ে পড়েছিল। ১০০ নম্বরে ফোন করলে সাড়া মিলত না, আর পুলিশকে বানিয়ে রাখা হয়েছিল ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার।
দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের কাজের খতিয়ানও তুলে ধরেন শুভেন্দু। তিনি জানান, এর মধ্যে নিজে ব্যারাকপুর কমিশনারেট, তারাতলা ও ভবানী ভবনে গিয়েছেন। কন্ট্রোল রুম পরিদর্শন, ট্রাফিক ব্যবস্থার উন্নতি এবং জীবন বাঁচিয়েছেন এমন পুলিশ ও দমকলকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। হিডকো ও এনকেডিএ-র সহযোগিতায় তাঁদের হাতে রেনকোটও তুলে দেওয়া হয়েছে।
পুলিশের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে তিনি জানান, বর্তমানে রাজ্যে প্রতি এক লাখ মানুষ পিছু পুলিশকর্মী রয়েছেন ১৫৫ জন। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে এই সংখ্যা ২০০। আগের সরকারের আমলে বাংলায় এটি ছিল মাত্র ১০৫। শুভেন্দুর বক্তব্য, পর্যাপ্ত লোকবল না থাকলে আইনশৃঙ্খলা রক্ষা করা বা আইনি লড়াই চালানো সম্ভব নয়।
একই দিনে পুলিশে নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেন তিনি। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতায় এত দিন নিয়োগ আটকে ছিল। বিধানসভায় বিল সংশোধন করে এবং সরকারের আগের অবস্থান থেকে সরে এসে সেই জটিলতা মিটিয়ে ফেলা হয়েছে বলে জানান শুভেন্দু। আদালতের রায়ের পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরোজ সিং নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন। পুজো শুরুর আগেই ১১ হাজারের বেশি নতুন কনস্টেবল নিয়োগ পাচ্ছেন। আগামী শুক্রবার নিজে উপস্থিত থেকে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন বলেও জানিয়েছেন পুলিশমন্ত্রী।
