বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

একই শিকলে বাঁধা দুজনের পা, তাপি নদী থেকে উদ্ধার দম্পতির দেহ

09 October, 2026 7:01 PM Lopa Bhowmik
শেয়ার করুন

মুম্বই: মহারাষ্ট্রের  ধুলে জেলার সাভালরে এলাকায় তাপি নদী থেকে উদ্ধার এক দম্পতির দেহ।  দু’জনেরই পা বাঁধা ছিল একই  শিকলে। তাতে ঝোলানো ছিল তালাও। সকালে নদীতে স্নান করতে নেমে দেহ দুটি চোখে পড়ে স্থানীয়দের। তারাই খবর দেন পুলিশে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে দম্পতি জলগাঁওয়ের আমলনের বাসিন্দা । নাম শ্যামহরি ও স্বপ্না পাটিল। মাত্র মাস কয়েক আগেই ভালোবেসে বিয়ে করেছিলেন তারা।  কাজের সূত্রে পরিবার থেকে দূরে এরান্দোল তালুকের উত্রান এলাকায় থাকতেন শ্যাম। যে অবস্থায় নদী থেকে দেহ দুটি উদ্ধার করা হয়েছে, তাতে মৃত্যু ঘিরে  রহস্য রয়েছে বলে ধারণা পুলিশের। দম্পতি আত্মঘাতী হয়েছেন নাকি তাদের হত্যা করে পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে, সে বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সন্দেহের তির দম্পতির পায়ে বাঁধা শিকলটির দিকে। মৃত্যু নিশ্চিত করতেই কি পায়ে শিকল বেঁধে তালা ঝোলানো হয়েছিল? নাকি জীবন্ত অবস্থাতেই তাদের পা বেঁধে নদীতে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে? তারা যদি আত্মহত্যা করে থাকেন তাহলে কেন নিজেদের পা শিকল দিয়ে বাঁধতে যাবেন? এরকম একগুচ্ছ প্রশ্নই এখন ভাবাচ্ছে পুলিশকে। এই দম্পতির মধ্যে সাংসারিক কোনও অশান্তি ছিল কিনা সে ব্যাপারে খোঁজ নিতে শুরু করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে কথা বলে ঘটনার আগের পরিস্থিতি বোঝার চেষ্টা চলছে।

প্রতিবেদন

Lopa Bhowmik