বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

 মালদহের ছোট্ট কিংশুকের হাতে জীবন্ত মৃন্ময়ী দুর্গা

09 October, 2026 5:52 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: বয়সটা যখন সমবয়সীদের সঙ্গে মাঠে দৌড়ঝাঁপ আর খেলায় মেতে থাকার, তখন মাটির গন্ধে আর তুলির টানে নিজের এক আলাদা জগৎ তৈরি করে ফেলেছে ১১ বছরের কিংশুক সরকার। কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ছোট্ট দু’হাতের নিপুণ ছোঁয়ায় কাঁচা মাটির দলাকে সে রূপ দিচ্ছে দশভুজা দেবী দুর্গার প্রতিমায়। তার এই অসাধারণ প্রতিভা ও সৃষ্টিশীলতা দেখে অবাক আইহো বক্সিনগর এলাকার লোকজন।
মালদহের হবিবপুর থানার আইহো বক্সিনগর এলাকার বাসিন্দা কিংশুক। আইহো উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র । ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি মাটি নিয়ে খেলা আর কাঠামোর নকশা তৈরি করার ঝোঁক তার। পাড়ার মৃৎশিল্পীদের কাজ দেখে এবং নিজের কল্পনাশক্তির জোরেই সে আয়ত্ত করেছে মূর্তি গড়ার কৌশল। কাঠামোর বাঁশ বাঁধা থেকে শুরু করে খড় দিয়ে অবয়ব তৈরি, মাটির প্রলেপ দেওয়া এবং শেষে দেবীর চোখ আঁকা—প্রতিটি ধাপেই ফুটে উঠেছে তার অদ্ভুত হাতযশ।
কিংশুকের হাতে তৈরি দুর্গা প্রতিমার চোখ, মুখের সুক্ষ্ম গড়ন ও অলঙ্করণ দেখে বোঝার উপায় নেই যে এটি কোনও খুদের সৃষ্টি। উৎসবের মরশুমে কিংশুকের এই প্রতিভা এখন আশেপাশের মানুষের মূল চর্চার বিষয়। প্রতিবেশী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা—সবাই তার তৈরি প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন। তাঁদের মতে, বয়সের তুলনায় কিংশুকের হাতের কাজ ও নান্দনিক বোধ অত্যন্ত উঁচু মানের।
তবে খুদে এই শিল্পীর পথচলা কেবল ভালোবাসার ওপর দাঁড়িয়ে। সঠিক প্রশিক্ষণ ও উপযুক্ত আর্থিক বা পরিকাঠামোগত সহায়তা পেলে ভবিষ্যতে সে একজন প্রখ্যাত ও গুণী শিল্পী হয়ে উঠতে পারে—এমনটাই বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের। সঠিক দিকনির্দেশনা ও চর্চা অব্যাহত থাকলে কিংশুকের এই মাটির টান যে তাকে অনেক দূর নিয়ে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

প্রতিবেদন

Lopa Bhowmik