শহর সচল রাখতে পুজোর আগে কড়া পদক্ষেপ শান্তিপুর পুরসভার
সংবাদদাতা, শান্তিপুর: শারদীয়া উৎসবে মানুষের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এবার শহরকে যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে নয়া পদক্ষেপ করল শান্তিপুর পুরসভা ও পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুর শহরের রাজ্য সড়কে এক যৌথ অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ এবং পুরসভার পুরপ্রশাসক ও আধিকারিকরা।
উৎসবের মরসুমে শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে সাধারণ মানুষের চলাচলের সুবিধা করে দিতে এই অভিযান চালানো হয়। ডাকঘর মোড় থেকে স্টেশন ১ নম্বর রেলগেট পর্যন্ত রাজ্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তার দুপাশে পিডব্লিউডি-র ফুটপাত থাকলেও দীর্ঘদিন ধরে তা জবরদখল করে ব্যবসা চালাচ্ছেন একাধিক ব্যবসায়ী। পাশাপাশি রাস্তার ওপরেই অনিয়মিতভাবে দাঁড়িয়ে থাকে টোটো, অটো এবং অন্যান্য যানবাহন। ফলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প্রচণ্ড যানজট তৈরি হয়, সাধারণ পথচারীদের চলাচলে তীব্র সমস্যা দেখা দেয়। এদিনের অভিযানে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শুধু তাই নয়, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত অবৈধ জবরদখল হটাতে আগামী তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে পরবর্তীতে কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়ে দিয়েছে প্রশাসন।
এদিনের সতর্কবার্তায় কেবল ক্ষুদ্র ব্যবসায়ীরাই নন, শহরে নতুন গজিয়ে ওঠা বিভিন্ন শপিংমল কর্তৃপক্ষকেও একইভাবে সতর্ক করা হয়েছে। তাদেরও জানিয়ে দেওয়া হয়েছে যে, নিয়মবহির্ভূতভাবে ফুটপাত দখল বা যানজট তৈরির কারণ হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
