শিলিগুড়ি কলেজের ৭৭তম প্রতিষ্ঠা দিবস পালন
সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি কলেজের ৭৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী এবং শিলিগুড়ি কলেজের পরিচালন সমিতির সভাপতি শংকর ঘোষ। নানা সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটিকে স্মরণ করলেন কলেজের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা ।
এই বিশেষ উৎসবে কলেজের প্রাক্তন শিক্ষক, শিক্ষাকর্মী ও বহু প্রাক্তনীকে ওআমন্ত্রণ জানানো হয়েছিল।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কলেজের বার্ষিক পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন। এরপর কলেজের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি কলেজের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা বলেন মন্ত্রী শংকর ঘোষ। জানান, তিনি নিজে এই কলেজেরই প্রাক্তন ছাত্র । অতীতে তিনি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন। পরবর্তীতে এই কলেজে কিছুদিন শিক্ষকতা করার পাশাপাশি পরিচালন সমিতির সদস্য হিসেবেও কাজ করেছেন। শিলিগুড়ি কলেজের ভবিষ্যতের রূপরেখা তুলে ধরে তিনি জানান, আগামী ১০ বছরের মধ্যে এই কলেজকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়াই হবে প্রধান লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য কলেজের নিজস্ব ডিজিটাল পরিচয় ও স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন শংকর ঘোষ। ঘোষণা করেন, এবার থেকে শিলিগুড়ি কলেজের পক্ষ থেকে নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজ তৈরি ও পরিচালনা করা হবে।
এই প্রসঙ্গে তিনি জানান যে, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের পক্ষ থেকে কলেজের নামে সোশ্যাল মিডিয়া পেজ চালানো হতো। যা একেবারেই অনুচিত। এখন থেকে কলেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই সেই পেজ চালানো হবে এবং অ্যাডমিন বা প্রশাসক সংক্রান্ত সমস্ত নিয়ন্ত্রণ কলেজ কর্তৃপক্ষের হাতেই থাকবে।
