বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পুজোর পর শিয়ালদহ ডিভিশনে বাড়ছে লোকাল ও রাতের ট্রেন

07 October, 2026 7:47 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজোর পর যাত্রীদের বাড়তি সুবিধা দিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল পূর্ব রেল। নিত্যযাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে শান্তিপুর–কৃষ্ণনগর সিটি জংশন শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি শিয়ালদহ–বজবজ শাখায় চালু করা হয়েছে পরীক্ষামূলক রাতের অতিরিক্ত ইএমইউ পরিষেবা। একই সঙ্গে বদকুল্লা স্টেশনে চারটি লোকালের পরীক্ষামূলক স্টপেজও দেওয়া হয়েছে।
রেল সূত্রে খবর, শান্তিপুর–কৃষ্ণনগর সিটি জংশন সেকশনে ডিগনগর হল্ট হয়ে দৈনিক ট্রেন পরিষেবা এক জোড়া থেকে বাড়িয়ে দুই জোড়া করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সকালে শান্তিপুর থেকে আপ ট্রেনটি সকাল ৯টা ৩৪ মিনিটে ছেড়ে কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছোবে সকাল ১০টা ৭ মিনিটে। অন্যদিকে, কৃষ্ণনগর থেকে ডাউন ট্রেনটি সকাল ১০টা ১৭ মিনিটে ছেড়ে শান্তিপুরে পৌঁছোবে সকাল ১০টা ৪৩ মিনিটে। এর ফলে পড়ুয়া, নিত্যযাত্রী এবং অন্যান্য যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছে রেল।
রাতের শিফটে কর্মরত যাত্রীদের কথা মাথায় রেখে শিয়ালদহ–কমাগাটা মারু–বজবজ সেকশনে পরীক্ষামূলকভাবে নতুন পরিষেবা চালু হচ্ছে। শিয়ালদহ থেকে ট্রেনটি রাত ১০টা ৫৫ মিনিটে ছেড়ে বজবজ পৌঁছোবে রাত ১১টা ৪৩ মিনিটে। ফের বজবজ থেকে রাত ১১টা ৫৪ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছোবে রাত ১২টা ৪৮ মিনিটে।
এদিকে, শিয়ালদহ–কৃষ্ণনগর শাখায় বদকুল্লা স্টেশনে চারটি এসি লোকালের স্টপেজ দেওয়া হয়েছে। রবিবার বাদে প্রতিদিন ৩১৮৪৫ আপ ট্রেনটি সকাল ১১টা ৫৩ থেকে ১১টা ৫৪ মিনিট এবং ৩১৮৪৬ ডাউন ট্রেনটি দুপুর ১টা ৪০ থেকে ১টা ৪১ মিনিট পর্যন্ত দাঁড়াবে। রবিবার ৩১৮৪৭ আপ ট্রেন দুপুর ১টা ৫৯ থেকে ২টো এবং ৩১৮৪৮ ডাউন ট্রেন বিকেল ৪টা ১৫ থেকে ৪টা ১৬ মিনিট পর্যন্ত বদকুল্লায় থামবে।

শিয়ালদহের ডি আর এম রাজীব সাক্সেনার বক্তব্য, যাত্রীদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পরিষেবাগুলি চালু করা হয়েছে। যাত্রী পরিষেবাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও আরামদায়ক করাই শিয়ালদহ ডিভিশনের মূল লক্ষ্য।

প্রতিবেদন

Lopa Bhowmik