বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

সাপের হানা শাহরুখের মন্নতে

18 August, 2026 6:31 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:‌ জোড়া সাপ সেঁধিয়ে গেল শাহরুখ সাধের মন্নতে। হুলস্থুল কিং খানের বান্দ্রার প্রাসাদে। ঘড়ির কাঁটায় তখন সোমবার রাত আটটা। মন্নতের বারান্দায় বহালতবিয়তে ঘুরে বেড়াতে দেখা যায় সাপ দুটিকে। নিরাপত্তারক্ষীদের চোখে পড়ার পরই সাপ ঘিরে বাংলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চটজলদি জানানো হয় সাপুড়ে তথা রেসকিউয়ার ভিকি দুবেকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান তিনি। এরমধ্যেই তাড়া খেয়ে একটি সাপ পালিয়ে যায়। মন্নতে পৌঁছে ভিকি দেখেন, উঠোনের সিঁড়ির নীচে লুকিয়ে রয়েছে অন্য সাপটি। তিনি তার কাছাকাছি যেতেই আতঙ্কে সাপটি কুণ্ডলী পাকিয়ে আরও ভেতরের দিকে ঢুকে যায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় সেটিকে বাগে আনা হয়। পরীক্ষা করে জানা যায়, সাপটি ইন্ডিয়ান র‌্যাট স্নেক প্রজাতির। যাকে চলতি বাংলায় দেশি দাঁড়াশ সাপ বলা হয়। বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির সাপ একেবারেই বিষধর নয়। বর্ষার সময় গ্রামবাংলায় এই প্রজাতির সাপের হামেশাই দেখা মেলে। বান্দ্রা যেহেতু সমুদ্রের ধারে, সেহেতু এই জায়গায় সাপের যাতায়াত মুম্বইয়ের অন্য জায়গাগুলির তুলনায় বেশি। মন্নত থেকে প্রায় ৮ ফুট লম্বা সাপটিকে উদ্ধার করার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অনেক খোঁজাখুঁজি করেও পালিয়ে যাওয়া সাপটির কোনও হদিশ পাওয়া যায়নি।
বান্দ্রায় সাপের হানা অবশ্য কোনও নতুন ঘটনা নয়। চলতি বছরের মে মাসেই সলমন খানের বান্দ্রার বিলাসবহুল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও সাপ দেখা গিয়েছিল। সে সময়ও বান্দ্রা থানার পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা অ্যাপার্টমেন্টের পার্কিং এলাকা থেকে প্রায় ৫ ফুট লম্বা একটি জলঢোঁড়া সাপ উদ্ধার করেছিলেন। সে সময় নিজের অ্যাপার্টমেন্টে সাপ ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন মুন্নাভাই। কারণ, বছর পাঁচেক আগে নিজের পনবেলের খামারবাড়িতে সাপের কামড় খেয়েছিলেন সলমন।

প্রতিবেদন

Lopa Bhowmik