অবৈধ ভোটার ও জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল
সংবাদদাতা,শিলিগুড়ি: শিলিগুড়িতে দুই দফা দাবিতে সিপিআইএম-এর বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি হয় মঙ্গলবার। এদিন দার্জিলিং জেলা সিপিআইএম কমিটির উদ্যোগে মহানন্দা সেতু থেকে একটি মিছিল বের হয়, যা শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত গিয়ে শেষ হয়। সিপিআইএমের পক্ষ থেকে এদিনের এই আন্দোলনের দুটি দাবি ছিল। প্রথম, সিপিআইএমের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ এবং ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের বিষয়ে যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, তারপরেও প্রশাসন অবৈধ ভোটারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। অবিলম্বে এই অসঙ্গতি দূর করে দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছে বাম নেতৃত্ব। দ্বিতীয় দাবি ছিল, সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা এবং নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার খর্ব করার জন্য জ্ঞানেশ কুমারকে অবিলম্বে তাঁর পদ থেকে বরখাস্ত করা হোক। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছে সিপিআইএম।
মঙ্গলবার দুপুরে মহানন্দা সেতু সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয় মিছিল। শিলিগুড়ির বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল গিয়ে পৌঁছয় মহকুমাশাসকের দপ্তরে। মিছিলের সামনের সারিতে ছিলেন সিপিআইএমের একাধিক শীর্ষস্থানীয় জেলা নেতা ও কর্মীরা। এসডিও দপ্তরের সামনে পৌঁছানোর পর একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সেখানে দলীয় নেতৃত্ব বর্তমান প্রশাসনিক নীতি ও পদক্ষেপের সমালোচনা করেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং স্বচ্ছতা বজায় রাখতে এই আন্দোলন অত্যন্ত জরুরি। পরে প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের হাতে তাদের দাবির স্মারকলিপি তুলে দেওয়া হয়।
সিপিআইএমের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় এই কর্মসূচি পূর্বঘোষিত সর্বভারতীয় আন্দোলনেরই একটি অঙ্গ। কেন্দ্রের ভুল নীতি এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আগামী দিনেও এই ধরনের জনমুখী আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতারা।
