ডুমুরজলা স্টেডিয়ামে গভর্নর’স কাপ মার্শাল আর্টস চ্যাম্পিয়নশিপ
সংবাদদাতা, হাওড়া: তরুণ প্রজন্মকে আত্মরক্ষার কৌশল শেখাতে হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল রাজ্যস্তরের প্রথম গভর্নর’স কাপ মার্শাল আর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬। ক্রীড়া ভারতী ও রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার ডুমুরজলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন রাজ্যপাল আর এন রবি। ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক, ক্রীড়া ভারতী পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় আধিকারিকরা এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হল রাজ্যের নতুন ক্রীড়া প্রতিভাকে খুঁজে বের করা এবং তাদের সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য একটি মঞ্চ তৈরি করা। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৩ ও ৪ অক্টোবর, দুদিন ধরে চলবে এই মার্শাল আর্টস চ্যাম্পিয়নশিপ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করা প্রতিভাবান মার্শাল আর্টস খেলোয়াররা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ক্যারাটে, কুংফু, তাইকোন্ডো সহ বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা তাঁদের দক্ষতা দেখাবে। রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে নিজেদের মেলে ধরার এক দারুণ সুযোগ পেয়ে খুশি খেলোয়াররা। এই প্রতিযোগিতায় আয়োজকদের প্রধান উদ্দেশ্যগুলি হল যুব সমাজের মধ্যে মার্শাল আর্টসের প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের সুস্থ বিনোদনের পথে চালিত করা। বিশেষ করে নারী ও তরুণদের মধ্যে আত্মরক্ষার কৌশল বা সেলফ-ডিফেন্স সম্পর্কে সচেতনতা তৈরি করা। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের উদীয়মান প্রতিভাদের খুঁজে বের করে তাদের জন্য একটি প্রতিযোগিতামূলক ও পেশাদার মঞ্চ তৈরি করা। উদ্বোধনের দিন থেকেই হাওড়া ইন্ডোর স্টেডিয়ামে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। খেলোয়াড়দের পাশাপাশি প্রচুর ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ স্টেডিয়ামে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করছেন। প্রথম গভর্নর’স কাপ মার্শাল আর্টস চ্যাম্পিয়নশিপ রাজ্যের ক্রীড়াজগতে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।
