বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত আগর গ্রাম, আহত ৪ পুলিশকর্মী
সংবাদদাতা, বীরভূম: গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি কর্ত্যবরত পুলিশ কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, বীরভূমের সদাইপুর থানার ভুরকোণা অঞ্চলের আগর গ্রামে। দুষ্কৃতীদের এই হামলায় চারজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধে থেকেই আগর গ্রামের দুটি পৃথক গোষ্ঠীর মধ্যে স্থানীয় একটি বিষয় নিয়ে বিবাদের সূত্রপাত। এক সময় সেই বচসা চরম আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুই পক্ষের মধ্যে সমঝতা করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় একটি টহলদারি পুলিশ বাহিনী।
অভিযোগ, পুলিশ গ্রামে পৌঁছোতেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। কিছু স্থানীয় বাসিন্দা ও দুষ্কৃতী একজোট হয়ে পুলিশকর্মীদের ওপরেই চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে চলে বেপরোয়া ইট-পাটকেল বৃষ্টি। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশকর্মীদের ঘেরাও করে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। মারধরের জেরে রণক্ষেত্রে পরিণত হয় গ্রাম। হামলায় চারজন পুলিশ কর্মী রক্তাত ও আহত হন। একই সঙ্গে দুষ্কৃতীরা পুলিশের গাড়িতে লাঠি ও পাথর দিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। হামলার খবর পেয়ে অন্যান্য থানা থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাফ বাহিনী আগর গ্রামে পৌঁছায়। পুলিশ গিয়ে আহত সহকর্মীদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ৪ জনের মধ্যে ২ জন পুলিশকর্মীর মাথায় গুরুতর আঘাত লেগেছে।
ঘটনার পর থেকে এলাকা থমথমে। বিশৃঙ্খলা এড়াতে ও গ্রামে শান্তি বজায় রাখতে পুলিশ ও সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতেই সদাইপুর থানার পুলিশ গ্রামে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশকে লক্ষ্য করে হামলা ও সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে বেশ কয়েকজন আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের চিহ্নিত করে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
