শুক্রবার এশিয়াডে জোড়া সোনা ভারতের, ইতিহাস লভলিনার, দলগত সোনা অঙ্কিতাদের
নয়াদিল্লি: শুক্রবার সকালে ভারতের ঝুলিতে এল দুটি সোনা। মহিলাদের বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে সোনা জিতলেন লভলিনা বরগোঁহাই। মেয়েদের রিকার্ভ তিরন্দাজির দলগত ইভেন্টেও সোনা পেল ভারত। তবে রিকার্ভের মিক্সড দলগত বিভাগে রুপোতেই থামতে হল ভারতীয় দলকে।
প্রত্যাশা মতোই নাগোয়া গেমসে সোনা ছিনিয়ে নিলেন লভলিনা। ফাইনালে অলিম্পিক পদকজয়ী এই ভারতীয় বক্সার চিনের বাও জিয়াইকে হারান। ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। প্রথম রাউন্ডে ৩-২ ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে আরও গতি বাড়ান লভলিনা। জিয়াইকে কার্যত কোনও সুযোগই দেননি। ফলাফল হয় ৪-১। তৃতীয় রাউন্ডেও চিনা বক্সার তাঁর সামনে দাঁড়াতে পারেননি। সেই রাউন্ডও ৪-১ ব্যবধানে জেতেন লভলিনা। গত এশিয়ান গেমসে তাঁর ঝুলিতে ছিল রুপো। এবার পদকের রং বদলে দিলেন তিনি। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এশিয়াডের সোনা জিতলেন নিজের জন্মদিনেই। শুক্রবারই ২৯ বছরে পা দিলেন লভলিনা।
লভলিনার আগে দিনের প্রথম সোনাও এনে দেন ভারতের মহিলা খেলোয়াড়েরা। মেয়েদের রিকার্ভ তিরন্দাজির দলগত ইভেন্টে সোনা জেতে ভারত। অঙ্কিতা ভকত, কীর্তি ও কুমকুম মোহদ সেমিফাইনালে চিনকে ৫-১ ব্যবধানে হারান। প্রথম সেটে ভারত জেতে ৫৩-৫১ ব্যবধানে। দ্বিতীয় সেটে জয় আসে ৫৪-৫২ পয়েন্টে। তৃতীয় সেট ৫১-৫১ পয়েন্টে ড্র হওয়ায় চতুর্থ সেট খেলার প্রয়োজন পড়েনি। ফাইনালে ভারতের সামনে ছিল দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জেতে ভারত। দু’দলের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। প্রথম সেট ৫৪-৫৪ ব্যবধানে ড্র হয়। দ্বিতীয় সেটেও দু’দলের পয়েন্ট দাঁড়ায় ৫৬। তৃতীয় সেটে এগিয়ে যায় ভারত। ৫৫-৫১ ব্যবধানে জিতে সুবিধাজনক অবস্থানে পৌঁছয় দল। চতুর্থ সেট ফের ৫৪-৫৪ পয়েন্টে ড্র হয়। এই জয়ের সঙ্গে এবারের গেমসে ভারতীয় তিরন্দাজদের সোনার সংখ্যা দাঁড়াল চার।
মেয়েদের ইভেন্টে সোনা এলেও রিকার্ভ তিরন্দাজির মিক্সড দলগত ইভেন্টে পিছিয়ে পড়ল ভারত। সেমিফাইনালে জাপানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে ভারতীয় দল। কিন্তু ফাইনালে চিনের কাছে ৩-৫ ব্যবধানে হারতে হয়। ফাইনালের শুরুটা ভাল হয়নি কুমকুম ও ধীরজ বোম্মাদেভারার জুটির। প্রথম সেট ৩৪-৩৮ এবং দ্বিতীয় সেট ৩৫-৩৭ ব্যবধানে হেরে চাপে পড়ে যায় ভারতীয় জুটি। তৃতীয় সেট ৩৭-৩৬ ব্যবধানে জিতে আশা বাঁচিয়ে রাখলেও লাভ হয়নি। চতুর্থ সেট ৩৭-৩৭ পয়েন্টে ড্র হয়। সেলিংয়ে মহিলাদের স্কিফ ইভেন্টে ব্রোঞ্জ পেল ভারত। বৃহস্পতিবার এই ইভেন্টের ফাইনালে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। পরে চিন প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ায় শুক্রবার ভারতকে ব্রোঞ্জ দেওয়া হয়।
