বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শুক্রবার যুবভারতীতে অনুশীলন ব্রাজিলের, কলকাতায় এসেই পেলে ও মোহনবাগানকে স্মরণ সেলেকাওদের

02 October, 2026 1:04 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: পাঁচ দশক আগে আমেরিকার কসমস ক্লাবের হয়ে কলকাতায় এসেছিলেন ফুটবল সম্রাট পেলে। বাঙালি ফুটবল ভালবাসত, সেই প্রেম বেড়েছিল পেলেকে সামনে দেখার পর। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচের সঙ্গে নাম জড়িয়ে মোহনবাগানেরও। ব্রাজিলকে ঘিরে বাঙালিদের ফুটবলপ্রেম আলাদা করে সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই। যুগ যুগ ধরে ব্রাজিলিয়ান ফুটবলাররা এসেছেন, খেলেছেন সুদূরে হওয়া বিশ্বকাপে। আর তাদের মন থেকে সমর্থন করে পাড়ার অলিগলিতে উড়েছে হলুদ-সবুজ পতাকা। চায়ের ঠেক থেকে ড্রয়িংরুম, ব্রাজিলের খেলা হলে সব কাজ ফেলে টেলিভিশনে চোখ রেখেছে বাঙালি ফুটবলপ্রেমীরা। কয়েকবছর আগে আইএসএলে উদ্বোধনে শহরে এসেছিলেন পেলে। এবার কলকাতায় ব্রাজিলের সম্পূর্ণ দল, যারা সদ্য বিশ্বকাপ খেলে এসেছে। ফলে উন্মাদনা আকাশ ছোঁবে, এটাই স্বাভাবিক। বৃহস্পতিবার রাতে শহরে পা রাখল সেলেকাও।

ব্রাজিল দল বিমানবন্দর থেকে বেরোতেই শব্দব্রহ্মে ছেয়ে যায় চত্বর। সবচেয়ে বেশি উন্মাদনা ছিল ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে একঝলক দেখার জন্য উৎসুক ছিলেন অনুরাগীরা। কোচ কার্লো আনসেলোত্তি ও দলের অন্যদের নিয়েও আগ্রহ ছিল নজরকাড়া। তবে সবকিছুই ঘটেছে নিরাপত্তার কড়া বেষ্টনীর মধ্যে। কলকাতায় পা দিয়ে এই শহর ও দেশের ফুটবল সংস্কৃতির একটা আঁচ আনসেলোত্তি পেয়েছেন বলেই ধারণা।

বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ নাগাদ কলকাতায় নেমে ব্রাজিল দল কড়া নিরাপত্তায় বাইপাসের ধারে নির্দিষ্ট হোটেলে পৌঁছয়। সমর্থকদের কাছাকাছি ঘেঁষতে দেওয়া হয়নি। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে হলুদ-সবুজ রঙের দুটি বাসে চেপে দল রওনা হয়। অত্যন্ত দ্রুততার সঙ্গে পুরো দলকে বিমানবন্দর থেকে গন্তব্যে নিয়ে যাওয়া হয়। হোটেলের বাইরেও অপেক্ষমান জনতা “ভিনি… ভিনি” বলে চিৎকার জুড়ে দেন। আনসেলোত্তি-সহ গোটা দলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।

শুক্রবার সাংবাদিক সম্মেলন সেরে বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল মাঠে অনুশীলন করবে সাম্বা ব্রিগেড। কলকাতায় আসার আগেই সমাজমাধ্যমে ব্রাজিল দলের তরফে একটি লম্বা বার্তা পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, প্রায় ৫০ বছর আগে, ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর, ফুটবলজীবনের শেষ পর্বে নিউইয়র্ক কসমসের জার্সি পরে ভারতের মাঠে নেমেছিলেন পেলে। তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। প্রতিপক্ষ ছিল ঐতিহ্যশালী মোহনবাগান, আর কিংবদন্তীকে দেখতে ইডেন গার্ডেন্স ছিল কানায় কানায় ভরা। ম্যাচ ২-২ গোলে শেষ হয়। পেলে খেলেছিলেন ৩০ মিনিট, তাঁর পাশে ছিলেন ১৯৭০-এর বিশ্বকাপজয়ী কার্লোস আলবার্তো তোরেস। ওই প্রদর্শনী ম্যাচ ছিল এশিয়ায় কসমসের সফরের অংশ এবং পেলের আনুষ্ঠানিক অবসরের (১০ অক্টোবর, ১৯৭৭) কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়েছিল। বার্তায় আরও বলা হয়, এবার কলকাতা ফের ব্রাজিলের ফুটবল ইতিহাসের অংশ হতে চলেছে।

বৃহস্পতিবার গভীর রাতে কলকাতায় অবতরণের ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ব্রাজিল। মাত্র একটি প্র্যাকটিস সেশন সেরেই  খালিদ জামিলের টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রতিবেদন

UTSAB RC