বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মদের দোকান নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য়ের, কোন কোন এলাকায় বাতিল হতে পারে লাইসেন্স!

01 October, 2026 3:25 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: রাজ্যে মদের দোকানের লাইসেন্স অনুমোদন নিয়ে নিয়মে বড় ধরনের বদল আনল রাজ্য সরকার। গত ১৬ সেপ্টেম্বর রাজ্য়ের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নতুন কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না।

তবে কলকাতা পুরসভা এবং অন্যান্য পুরসভা এলাকার ক্ষেত্রে এই দূরত্বের নিরিখে ছাড় দেওয়া হয়েছে। পুর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান থেকে দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৫০০ মিটার।

আগে চালু থাকা নিয়ম অনুযায়ী, এই ধরনের সংরক্ষিত এলাকা থেকে মদের দোকানের ন্যূনতম দূরত্ব হতে হতো ১,০০০ ফুট বা ৩০০ মিটারের কিছু বেশি। অর্থাৎ, নতুন নিয়মে এই নিষেধাজ্ঞার পরিধি অনেকটাই বাড়ানো হলো।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে, তাঁর সরকার স্কুল, কলেজ ও মন্দিরের ১ কিলোমিটার এলাকার মধ্যে মদ বিক্রির অনুমতি দেবে না। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে প্রায় ৪,০০০টিরও বেশি মদের দোকান, অফ-শপ ও বার রয়েছে যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত।

নতুন এই বিজ্ঞপ্তিতে একটি বড় স্বস্তির খবরও রয়েছে। আইনি জটিলতা, লাইসেন্স জমা দেওয়া বা অন্য যে কোনও কারণে এতদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা মদের দোকান নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে পুনরায় খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। মদ ব্যবসার সঙ্গে যুক্ত অভিজ্ঞদের মতে, রাজ্যে এই মুহূর্তে প্রায় ৩০০টি এমন বন্ধ দোকান রয়েছে। বর্তমানে রাজ্যে অন-শপ ও অফ-শপ মিলিয়ে সক্রিয় মদের দোকানের সংখ্যা প্রায় ৬,৫০০।

নতুন দূরত্বের নিয়ম এবং বন্ধ দোকান খোলার পাশাপাশি বারের মাধ্যমে নতুন অফ-শপ খোলার ক্ষেত্রে আবগারি আইনের Section 4P ধারা প্রয়োগের কথা বলা হয়েছে। ব্যবসায়ীদের একাংশের মতে, এই সিদ্ধান্ত সামগ্রিক মদ শিল্পের জন্য খুব একটা সুবিধাজনক নাও হতে পারে।

কারণ, ‘ফোর-পি’ ধারার অধীনে থাকা খুচরা বিক্রেতাদের অর্জিত লভ্যাংশের ৩ শতাংশ পশ্চিমবঙ্গ রাজ্য পানীয় নিগম (Bevco)-এর সাথে ভাগ করে নিতে হবে। মদ ব্যবসায় যুক্ত এক প্রবীণ ব্যবসায়ী বলেন, “বর্তমানে এই ব্যবসায় মোট মুনাফার পরিমাণ প্রায় ৬.৫ শতাংশ। এর মধ্যে থেকে ৩ শতাংশ সরকারকে দিয়ে দেওয়া মানে লভ্যাংশের প্রায় ৫০ শতাংশই হাতছাড়া হওয়া। অবশ্য বর্তমান লাইসেন্সধারীদের জন্য এটি প্রযোজ্য নয়। তবে ভবিষ্যতে যদি বিদ্যমান লাইসেন্সধারীদেরও এই ধারার আওতায় আনা হয়, তবে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।”

প্রতিবেদন

UTSAB RC