উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব এবিভিপি, বিক্ষোভ
সংবাদদাতা, নদীয়া: কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং উপাচার্যের বিভিন্ন দুর্নীতির ইস্যুতে সরব হলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। মঙ্গলবার এ বি ভি পি-র ডাকে সদর মহকুমা অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপির ছাত্র সংগঠনের নেতা ও সদস্যরা। তাদের অভিযোগ, বর্তমান উপাচার্য তৃণমূল সরকারের বদান্যতায় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ হয়েছিলেন। সেই কারণে তিনি স্বজনপোষণ করছেন এবং বিভিন্ন নিয়োগে দুর্নীতি করছেন। কখনও গাড়ির তেলের নামে দেড় লক্ষ টাকা, কখনও অন্য ক্ষেত্রে সঠিক সরকারি নির্দেশ না মেনে অর্থনৈতিক দুর্নীতিতে জড়াচ্ছেন। এবিভিপি-র এক নেতা জানান, যেখানে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উচিত পরিকাঠামোর ক্ষেত্রে নজর দেওয়া, সেখানে তিনি লাগামহীন ভাবে অর্থনৈতিক দুর্নীতি করে চলেছেন। যতদিন না তিনি পদত্যাগ করবেন, আন্দোলন চালিয়ে যাওয়া হবে। পরবর্তীতে জেলা শাসককেও ডেপুটেশন দেওয়া হবে। তবে এই দিন এবিভিপি-র আন্দোলনে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কোনও পড়ুয়াকে দেখতে পাওয়া যায়নি।
