সাইবার ক্রাইম মামলায় চাঁচলে ইডির হানা
সংবাদদাতা, চাঁচল: সোমবার সকালে মালদহের চাঁচল থানা এলাকার মুলাইবাড়ি গ্রামে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সাইবার অপরাধ এবং বিপুল আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলার তদন্তেই এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে খবর। চাঁচলের স্থানীয় ব্যবসায়ী শফিকুল আলম ওরফে লিটনের বাড়িতে এদিন অভিযান চালান তদন্তকারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বেশ কিছুদিন ধরে অনলাইন প্রতারণা এবং সাইবার ক্রাইমের মাধ্যমে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের একটি আন্তর্জাতিক চক্রের ওপর নজরদারি চালাচ্ছিলেন ইডি-র আধিকারিকরা। সেই তদন্তের সূত্র ধরেই শফিকুল আলমের নাম সামনে আসে। অভিযোগ, শফিকুলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে। সেই অর্থের উৎস কী এবং কার কার নির্দেশে এই আর্থিক লেনদেন চলেছিল, তা জানতেই সরাসরি তাঁর বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়। প্রাথমিক খবর অনুযায়ী , ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, পাসবুক, বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন এবং ডিজিটাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দারা খতিয়ে দেখছেন কীভাবে স্থানীয় এক ব্যক্তির অ্যাকাউন্টে এত বড় অঙ্কের টাকা লেনদেন হল এবং এর নেপথ্যে কোন আন্তর্জাতিক সাইবার চক্র সক্রিয় রয়েছে। শফিকুলের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিপত্রের সঙ্গে ব্যাঙ্ক স্টেটমেন্টের সামঞ্জস্য রয়েছে কি না, তা মেলানোর চেষ্টা করা হচ্ছে।
