নাগাল্যান্ডের মাটির গন্ধ মেখে অস্কারের আঙিনায়
লোপামুদ্রা ভৌমিক
আন্তর্জাতিক আঙিনায় ছাপ ফেলল নাগাল্যান্ডের মাটির গন্ধমাখা ছবি ‘আং’। সম্পূর্ণ কনিয়াক ভাষায় তৈরি ‘আং’ এখন অস্কারের দৌড়ে। নাগাল্যান্ডের নতুন প্রজন্মের পরিচালক থেজা রিও–র দৌড় শুরু হয়েছিল টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে। প্রথম ভারতীয় ছবি হিসেবে টিআইএফএফ ‘প্ল্যাটফর্ম পুরস্কার’ জিতে ইতিহাসে নাম তোলেন থেজা। জুরি বোর্ডে ছিল আর্জেন্টিনার পরিচালক পাবলো ট্রাপেরো, ব্রিটিশ চিত্রনাট্যকার আম্মা আসান্তে, তাইওয়ানের শিল্পী সিলভিয়া চ্যাং, কানাডিয়ান প্রযোজক লুক ডেরি, হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সোসাইটির কার্যনির্বাহী পরিচালক অ্যালবার্ট লি–র মত সাড়া জাগানো নাম। একদম অন্যরকম নির্মাণশৈলী ও সাহসী পরিচালনা ভঙ্গির জন্য সেরা হিসেবে বেছে নেওয়া হয় থেজার ‘আং’–কে। এরপরই প্রায় স্বপ্নপূরণের দোরগোড়ায় এসে দাঁড়ান পরিচালক। কারণ,২০২৬ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের নিয়ম অনুসারে টিআইএফএফের প্ল্যাটফর্ম পুরস্কারের মতো নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান পুরস্কারজয়ী চলচ্চিত্রগুলি সরাসরি অস্কারে যাওয়ার ছাড়পত্র পেয়ে যাবে। ফলে ‘আং’ পা রাখল অস্কারের দরজায়। যেখানে আগে থেকেই ভারতের সরকারি অস্কার এন্ট্রি নিয়ে অপেক্ষায় রয়েছে মরাঠি সিনেমা ‘গোন্ধল’। তবে দুটি ভারতীয় ছবিকেই এখন পার করতে হবে অ্যাকাডেমির চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া।
‘আং’–এর পটভূমিতে উঠে এসেছে ১৯৬০–এর দশকের নাগাল্যান্ড। কাহিনির প্রধান কুশিলব এক বয়স্ক কনিয়াক গ্রামপ্রধান আংবা এবং তার ছেলে। দ্রুত বদলে যাচ্ছে সমাজ। সেই গ্রাম প্রধানই ভারত–মায়ানমার সীমান্তের নিকটবর্তী নাগাল্যান্ডের প্রত্যন্তএকটি গ্রামের শেষ জীবিত সর্দার। সেই জায়গায় দাঁড়িয়ে পূর্বপুরুষদের বিশ্বাস, সংস্কৃতি ও জীবনধারাকে আঁকড়ে ধরে বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যান সর্দার। গ্রামবাসীরা ইতিমধ্যেই ত্যাগ করেছে গ্রাম। তবু অসুস্থ স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে সেখানেই থেকে যান তিনি। নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
১৬ মিমি ফিল্ম ক্যামেরায় শুট করা এই ছবিতে বড় পাওনা অবশ্যই বাফটা পুরস্কারজয়ী স্কটিশ অভিনেতা ডগলাস হেনশলের অভিনয়। টেলিভিশন সিরিজ ‘শেটল্যান্ড’ যাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। এই ছবিতে একজন আমেরিকান ধর্মপ্রচারকের ভূমিকায় রয়েছেন তিনি। গ্রাম প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন আংলং কোনিয়াক। অন্যান্য ভূমিকায় রয়েছেন সোবিনো রেংমা, গেনপাই কোন্যাক, আমাহ কোনিয়াক এবং ওয়াংটন কোন্যাক প্রমুখ। পরিচালক হিসেবে থেজার প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘আং’।
