গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমের চারতলা থেকে পড়ে শিষ্যের রহস্যমৃত্যু
মথুরা: উত্তরপ্রদেশের বৃন্দাবনে ‘গুরু কৃপা কুঞ্জ আশ্রমে’ ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। এই আশ্রমটি স্বামী প্রেমানন্দ মহারাজের। সেই আশ্রমের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে প্রেমানন্দের এক শিষ্যের। তাঁর নাম দীপক লোধি। শিষ্যত্ব গ্রহণের পর তাঁর নাম হয় রসিক দুলারি শরণ। ২০০৪ সাল থেকে তিনি এই আশ্রমেই থাকতেন। ছাদ থেকে পড়ে তাঁর মাথা থেঁতলে গিয়েছে। গোপনাঙ্গে তাঁর ক্ষতচিহ্ন মিলেছে। তিনি পড়ে গিয়েছেন, না ঝাঁপ দিয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা আছে, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রেমানন্দ মহারাজের অসংখ্য অনুরাগী দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে। প্রেমানন্দের প্রকৃত নাম অনিরুদ্ধ কুমার পান্ডে। সোশ্যাল মিডিয়াতেও বহু অনুগামী রয়েছে তাঁর। দেশ-বিদেশ থেকে বহু মানুষ তাঁর আশ্রমে আসেন। তাঁর ভক্তের মধ্যে রয়েছেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। তাঁরা মাঝে মাঝেই প্রেমানন্দের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
এই ঘটনাকে পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে। কিন্তু এরকম একজন হাইপ্রোফাইল গুরুর আশ্রমে একজন শিষ্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা অনেকগুলি প্রশ্নকে তুলে দিয়ে গেল।
