‘ঐক্যের ছবি’ প্রকাশ নির্বাচন কমিশনের, পশ্চিমবঙ্গের SIR নিয়ে বড় সিদ্ধান্ত
সংবাদদাতা, নয়াদিল্লি: শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসল নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। দেশজোড়া বিতর্কের আবহে জল ঢালতেই যেন সুখী পরিবারের বার্তা দেওয়া হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রকাশ করা হল সেই বৈঠকের ছবিও। সতীর্থ বিবেক যোশি এবং সুখবীর সিং সান্ধুর সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বৈঠক করলেন। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হল। তার মধ্যে উল্লেখযোগ্য হল, পশ্চিমবঙ্গে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা আবার নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়া এখন থেকে SIR-এর শুনানিতে কাউকে সশরীরী যেতে হবে না। অনলাইনেই সেই শুনানি হবে। পাশাপাশি দিল্লিতে SIR-এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া দিল্লির SIR নিয়ে কোনও আপত্তি থাকলে, তা দাখিলের সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মহারাষ্ট্রের ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে ১২ অক্টোবর পর্যন্ত। যাঁরা এসআইআরের নোটিস পেয়েছেন, তাঁদের বাড়ি যাবেন বিএলও’রা। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সমস্ত নথি তাঁরা নেবেন এবং ECINET অ্যাপে আপলোড করবেন। ERO ভোটারের যোগ্যতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
উল্লেখ্য, দিন দুই আগে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রে বিস্ফোরক খবর নিয়ে দেশজোড়া আলোড়ন সৃষ্টি হয়। সেখানে বলা হয়, জ্ঞানেশ কুমারের বহু কাজের বিরোধিতা করলেও মুখ্য নির্বাচন কমিশনার তাতে কর্ণপাত করেননি। তিনি একাই সব সিদ্ধান্ত নিতেন। এরপরই বিরোধীরা একযোগে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও কমিশন তাদের বক্তব্যে বলেছে, সবকিছুই আইন মেনে হয়েছে। কমিশনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং ঐক্যমত্যের ভিত্তিতে। এমনই এক আবহেই শনিবার বৈঠকে বসে কমিশনের ফুলবেঞ্চ।
