বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

 কৃষকদের জন্য ভাতা ও বিদ্যুৎ ভর্তুকির ঘোষণা মুখ্যমন্ত্রীর

25 September, 2026 8:59 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, পূর্ব বর্ধমান: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পূর্ব বর্ধমান সফরে শুভেন্দু অধিকারী।  সূচনাতেই তিনি বর্ধমানের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দিরে পৌঁছে পুজো ও আরতি করেন। এরপরেই চলে যান বর্ধমান পুলিশ লাইনের মাঠে। সেখানে বিদ্যুৎ  ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম-সহ বিভিন্ন জেলার হাজার হাজার কৃষক।
কৃষিপ্রধান এই জেলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্যই হল চাষের খরচ কমিয়ে কৃষকদের হাতে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে বিদ্যুৎ পরিষেবায় বড়সড় ছাড়ের ঘোষণা করেন তিনি। বলেন, কৃষিকাজে ব্যবহার হওয়া বিদ্যুতের ইউনিট প্রতি ২ টাকা করে সরকারি ভর্তুকি দেবে বর্তমান সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪ লক্ষ কৃষক সরাসরি বিদ্যুতের বিলে বিরাট অর্থ সাশ্রয় করতে পারবেন। কৃষকদের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের সহযোগিতায় আর্থিক অনুদানের কথাও মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চলতি বছর থেকে ৫৪ লক্ষ কৃষক তিন কিস্তিতে মোট ৯,০০০ টাকা পাবেন। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের কাজ চলছে এবং তা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস, সামান্য এক ছটাক জমিও যদি কারও নামে থাকে,  তিনিও বছরে অন্তত ৪,০০০ টাকা পাবেন।যে সব কৃষক কেন্দ্র সরকারের পিএম কিষাণ সুবিধা পান না, তাঁদের হতাশ হওয়ার কারণ নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের বছরে ৬,০০০ টাকা দেওয়া হবে। ধান চাষিদের জন্য সহায়ক মূল্যের বাইরে অতিরিক্ত বাড়তি অনুদানের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনবে যাতে কোনও দালাল তাদের ঠকাতে না পারে। কুইন্টাল প্রতি ২০০ টাকা বাড়তি দিয়ে সরাসরি ধান কিনবে রাজ্য সরকার। কোনও ঊর্ধ্বসীমা বা লিমিট নেই, কৃষকরা যত খুশি ধান বিক্রি করতে পারবেন। ১০০ কুইন্টাল ধান দিলে কৃষক সরাসরি অতিরিক্ত ২০,০০০ টাকা উপার্জন করতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী। আলু চাষিদের সমস্যা ও হিমঘরে মজুত আলুর সার্বিক পরিস্থিতি নিয়েও রাজ্য সরকার যে সতর্ক, তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন যে আগামী ডিসেম্বরের আগেই আলু চাষিদের স্বার্থে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হবে।

প্রতিবেদন

Lopa Bhowmik