বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শিশু কোলে যাওয়ার পথে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

25 September, 2026 8:02 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নিউ ব্যারাকপুর: নিউ ব্যারাকপুর থানার শহরপুর খালপাড় এলাকায় এক গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে  উত্তেজনা ছড়াল। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা থানা ঘেরা করে বিক্ষোভ দেখায়। এলাকায় নিরাপত্তার অভাব এবং বেআইনি মদের ঠেকের দৌরাত্ম্য বন্ধের দাবিতে সরব হয়েছেন তারা। স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা গৃহবধূ তাঁর সন্তানকে কোলে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময়  খালপাড় সংলগ্ন একটি বেআইনি মদের ঠেকের পাশ থেকে এক ব্যক্তি হঠাৎ বেরিয়ে এসে তার পথ আটকায়। অভিযোগ, ওই ব্যক্তি গৃহবধূর হাত ধরে টানাটানি করে এবং তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। এমনকি শিশুসহ তাকে টেনে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয় বলে দাবি। আচমকা এই হামলায় আতঙ্কিত হয়ে মহিলা চিৎকার শুরু করেন। উদ্ধার করতে ছুটে আসেন তার শ্বশুর। এই ঘটনার প্রতিবাদ করায় দুষ্কৃতী ও তার সহযোগীরা মহিলার শ্বশুরকেও মারধর করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্যাতিতা, তার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারা পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মদের ঠেক ও জুয়ার আসর চলছে। এর ফলে দিনরাত মদ্যপ ব্যক্তিদের তাণ্ডব সহ্য করতে হয়। শুধু মদের ঠেকই নয়, সেখানে বিভিন্ন ধরনের বেআইনি কারবারও হয়। আগেও একাধিকবার ছোট-বড় অপরাধমূলক ঘটনা ঘটেছে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রচ্ছায়ায় এই বেআইনি কারবার চলায় পুলিশ-প্রশাসন পদক্ষেপ করে না। এই ঘটনায় আতঙ্কিত গৃহবধূ বলেন, আজ শিশু কোলে নিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে, কাল অন্য কোনও মহিলার সঙ্গেও ঘটতে পারে। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই সব অসাধু কারবার বন্ধ হোক এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে পুলিশ তদন্তে নামে। পুলিশ সূত্রে খবর,  ইতিমধ্যেই এক যুবককে আটক করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে গণধোলাই দেওয়ায় সে আহত হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik