বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ

25 September, 2026 6:20 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। শুক্রবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল নির্বাচন কমিশনের আঞ্চলিক দপ্তর মেটকাফ হাউসের দিকে যাওয়ার কথা ছিল। তবে বি বি গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছাতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। পুলিশের এই বাধায় ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। ব্যারিকেডের সামনেই শুভঙ্কর সরকারসহ দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে অবস্থান বিক্ষোভ করা হয় এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করা হয়। গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে নির্বাচন কমিশনের ভূমিকা, বিশেষ করে বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, রাজ্যজুড়ে গণআন্দোলনের অংশ হিসেবে শুক্রবার কলকাতার রাজপথে নামে কংগ্রেস। দলের মূল অভিযোগ, ভোটার তালিকায় সংশোধনের নামে পরিকল্পনা করে কারচুপি চালানো হচ্ছে এবং হাজার হাজার বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। প্রতিবাদ মিছিলে উপস্থিত কংগ্রেস নেতারা অভিযোগ করেন, বিরোধীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলিতেই সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত নাগরিকের ভোটাধিকার রক্ষা করা নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলেও, বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে স্বাধীন সংবিধানিক সংস্থাটি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। দলীয় নেতৃত্বের মতে, কেন্দ্রের শাসকদলের এজেন্ডা পূরণ করতেই এই ধরণের পদক্ষেপ করা হচ্ছে। যা ভারতের নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে  ক্ষতিগ্রস্ত করছে। বি বি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশি বাধা নিয়ে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজ্য পুলিশ এবং প্রশাসনিক শক্তি ব্যবহার করে বিরোধীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে। এক কংগ্রেস নেতা জানান, ভোটার তালিকা থেকে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম বাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। নির্বাচন কমিশন যদি নিজের নিরপেক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হয় এবং একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে সাধারণ মানুষের কাছে আস্থার কোনও জায়গা থাকে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর পদের মর্যাদা রাখতে ব্যর্থ হয়েছেন, তাই তাঁর পদত্যাগ করা উচিত। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, কেবল একটি মিছিল বা কর্মসূচিতেই এই আন্দোলন শেষ হবে না। ভোটার তালিকার এই তথাকথিত সংশোধন বা কারচুপির বিরুদ্ধে জেলায় জেলায় সাধারণ মানুষকে সচেতন করতে আরও বড়  আন্দোলনের রূপরেখা তৈরি করা হচ্ছে। আগামী দিনে সমস্ত জেলা নির্বাচন দপ্তর ঘেরাও এবং আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

প্রতিবেদন

Lopa Bhowmik