বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজো, স্বপ্নপূরণ আলিপুরদুয়ারের মহিলাদের

25 September, 2026 2:40 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, আলিপুরদুয়ার: দীর্ঘদিনের লালিত এক স্বপ্ন অবশেষে ডানা মেলতে চলেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। পাড়ায় নিজস্ব উদ্যোগে দুর্গাপুজোর আয়োজন করবেন মহিলারা এই অদম্য ইচ্ছা দীর্ঘদিনের হলেও, প্রতিবারই অর্থের অভাবে থমকে যেতে হয়েছিল। অবশেষে বাধা কেটেছে। রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার এর আর্থিক সহায়তায় এবারই প্রথমবার দুর্গোৎসবের আনন্দে মেতে উঠতে চলেছেন আলিপুরদুয়ারের দাসপাড়ার মহিলারা। ইতিমধ্যে সাড়ম্বরে খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়ে গেছে পুজোর জোরকদম প্রস্তুতি। আলিপুরদুয়ার-১ নম্বর ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম কাঠালবাড়ির মহাকালধাম দাসপাড়ার হবে এই পুজো।

দীর্ঘদিন ধরেই এই এলাকার মহিলাদের ইচ্ছে ছিল নিজেদের হাতে দুর্গাপুজো পরিচালনা করার। কিন্তু প্রতিবারই উৎসবের মুখে এসে দাঁড়িয়েছে এক বড় প্রশ্ন চিহ্ন—অর্থ। একটি বড় বাজেটের পুজোর ব্যয়ভার বহন করা স্থানীয় পরিবারগুলির পক্ষে সহজ ছিল না। স্থানীয় মহিলারা জানান, প্রথমদিকে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জমোনো টাকা দিয়ে পুজো শুরু করার কথা ভেবেছিলেন। কিন্তু হিসাব কষে দেখা যায়, কেবল সেই টাকায় একটি দুর্গাপুজোর বিশাল খরচ মেটানো সম্ভব নয়। ফলে সংশয় দেখা দেয় এবং পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে আশা হারাননি তাঁরা। পরবর্তীতে অন্নপূর্ণা ভাণ্ডার-এর আর্থিক সাহায্য তাঁদের হাতে পৌঁছাতেই নতুন করে আশার আলো দেখতে পান দাসপাড়ার নারী সদস্যরা। অন্নপূর্ণা ভাণ্ডারের সহায়তায় প্রাপ্ত অর্থকে সম্বল করেই এবার তাঁরা সাহস করে একজোট হয়েছেন। সম্প্রতি খুঁটিপুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই পুজোর প্রস্তুতি। খুঁটি পুজোর দিন ঢাকের আওয়াজ আর মহিলাদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মহাকালধাম। পুজো আয়োজক মহিলাদের চোখেমুখে স্পষ্ট ছিল দীর্ঘদিনের অধরা স্বপ্নপূরণের আনন্দ ও আবেগ। তাঁদের কথায়, এই পুজো কেবল মাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা বা উৎসব নয়,এটি তাঁদের স্বাবলম্বী, একতা এবং ইচ্ছা পূরণের প্রতীক। মহিলাদের এই সাহসী ও গঠনমূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার পুরুষ সদস্যরাও। দাসপাড়ার ‘নবোদয় ক্লাব’-এর পুরুষ সদস্যরা পূর্ণ সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। প্যান্ডেল তৈরি, লাইটিং থেকে শুরু করে প্রশাসনিক বিষয়গুলিতে তাঁরা মহিলাদের কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করছেন। তবে পুজোর সার্বিক ব্যবস্থাপনা, তদারকি ও মূল দায়িত্ব থাকছে মহিলাদের হাতেই।

আরও পড়ুন: জমা জল ও বেহাল রাস্তার জেরে নাজেহাল বাসিন্দারা, নিশ্চিন্দায় বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার আতঙ্ক

উৎসব সফল করতে তৈরি হয়েছে মহিলা পরিচালিত পুজো কমিটি। পুজো কমিটির সভাপতি রুমা বর্মন, সভানেত্রী অঞ্জনা দাস এবং সম্পাদিকা সুভদ্রা দাসের নেতৃত্বে দিনরাত এক করে কাজ চলছে। তাঁদের সঙ্গ দিচ্ছেন মিতালী দাস, মামুন চক্রবর্তী, কল্পনা দাস সহ পাড়ার অসংখ্য মহিলা। প্রতিমা বায়না করা থেকে শুরু করে আলোকসজ্জা—সব বিষয়ের তদারকিতে ব্যস্ত তাঁরা। আর্থিক প্রতিকূলতার কাছে যা এতদিন অধরা ছিল, অন্নপূর্ণা ভাণ্ডারের হাত ধরে তা আজ বাস্তবে রূপ নিচ্ছে। মহাকালধাম দাসপাড়ার মহিলাদের কাছে এবারের শারদোৎসব কেবল মা দুর্গার আবাহন নয়, বরং নিজেদের সামর্থ্য ও স্বপ্নকে নতুন করে আবিষ্কার করার এক অধ্যায়।

প্রতিবেদন

UTSAB RC