India vs Brazil: কার্লো আনচেলত্তির মন্তব্য নিয়ে মতামত দিতে নারাজ খালিদ
কলকাতা: ভারতে ফুটবলের সংস্কৃতি নিয়েই প্রশ্ন তুলেছেন কার্লো আনচেলত্তি (Carlo Ancelotti)। আর ব্রাজিল কোচের সেই মন্তব্যকে কার্যত উড়িয়ে দিলেন ভারতের কোচ খালিদ জামিল। আনচেলত্তির কথায় বিতর্কে ঘি পড়লেও, পাল্টা কথার লড়াইয়ে নামতে নারাজ খালিদ। তাঁর সাফ কথা, “আমার কিছু যায় আসে না। প্রত্যেকেরই নিজের মতামত দেওয়ার অধিকার আছে।”

Ad
ভারতীয় ফুটবল সংস্কৃতি নিয়ে মত কার্লো আনচেলত্তি-এর
ব্রাজিলের মতো ফুটবল-পাওয়ারহাউসের কোচের মুখে ভারতীয় ফুটবল নিয়ে এমন মন্তব্য স্বাভাবিক ভাবেই অস্বস্তি বাড়িয়েছে। আনচেলত্তির বক্তব্য, ভারতে ফুটবলের শক্তিশালী সংস্কৃতি গড়ে ওঠেনি। প্রতিভা থাকলেও ফুটবলার তুলে আনার উপযুক্ত পরিবেশ ও তৃণমূল স্তরের ভিত আরও মজবুত করা প্রয়োজন। ভারতীয় ফুটবলের দীর্ঘদিনের দুর্বলতা নিয়ে তাঁর এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। তবে এই প্রথম নয়, ব্রাজিলের যে পর্যবেক্ষক দল যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনে এসেছিলেন তাঁরা জানিয়েছিলেন কলকাতার মাঠ পাঁচ বারের বিশ্বজয়ীদের খেলার জন্য উপযুক্ত নয়। তবে সেসব এখন অতীত। শক্তিশালী দল নিয়েই ভারতে আসছেন কার্লো আনচেলত্তি- এর দল।
Almost time. The #BlueTigers are ready. 🐅🔥#IndianFootball pic.twitter.com/XRQTTZ4btY
— Indian Football (@IndianFootball) September 24, 2026
মাথা ঘামাতে চান না খালিদ
কিন্তু খালিদ জামিলের এখন সেসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। পানামার বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আনচেলত্তির মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতেই বিতর্ক এড়িয়ে সোজা মাঠের প্রসঙ্গে চলে যান ভারতের কোচ। তাঁর কাছে এখন আসল পরীক্ষা পানামা ম্যাচ। বিদেশি কোচ কী বললেন, তা নিয়ে জবাবি বিবৃতির চেয়ে মাঠে দলের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন খালিদ।
আরও পড়ুন: India vs Brazil: কলকাতায় ভারত-ব্রাজিল, আনচেলত্তির দলে ভিনিসিয়াস-রাফিনহা-এনড্রিক
আরও পড়ুন: India vs Uruguay: কলকাতায় নামছে তারার মেলা! ফোরলানের ৪৬ জনের তালিকায় ভালভার্দে-আরাউহো-নুনেজ
কার্লো আনচেলত্তি নয় নজরে পানামা
পানামার পরেই ভারতের সামনে ব্রাজিল, উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ। ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ ঘিরে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। তার আগে আনচেলত্তির মন্তব্য ভারতীয় ফুটবলকে নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
খালিদ অবশ্য জানেন, বড় দলের বিরুদ্ধে শুধু রক্ষণ সামলে ম্যাচ পার করা যায় না। রক্ষণ ও আক্রমণের ভারসাম্য রেখেই খেলতে হবে ভারতকে। তাঁর লক্ষ্য, পরিস্থিতি বুঝে প্রতিপক্ষের মোকাবিলা করা। আনচেলত্তি ভারতীয় ফুটবলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। খালিদ সেই প্রশ্নের জবাব দিতে চান না কথায়। আপাতত তাঁর নজর মাঠে। পানামার বিরুদ্ধে ভারত কী করে, সেটাই এখন দেখার।
