বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ!‌ সোম থেকেই দুর্যোগ দক্ষিণবঙ্গে

20 September, 2026 6:59 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:‌ রবিবার দুপুর থেকেই আকাশের মুখ ভার। মাঝে মধ্যেই ঝেঁপে আসছে কয়েক পশলাও। সোমবার এর তীব্রতা কয়েকগুণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, থাইল্যান্ড থেকে আসা ঘুর্ণাবর্তটি জাঁকিয়ে বসেছে বঙ্গোপসাগরের ওপরে। যত সময় যাচ্ছে সে ক্রমশ বাড়িয়ে তুলছে নিজের শক্তি। রবিবার দুপুরে সেটি গভীর নিম্নচাপের আকার নিয়ে অবস্থান করতে শুরু করেছে উত্তর আন্দামান সাগর ও পূর্ব–মধ্য বঙ্গোপসাগরের ওপরে। আশঙ্কা করা হচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যেই সেটি ভয়ঙ্কর শক্তিশালী হয়ে চলে আসবে মধ্য বঙ্গোপসাগর এলাকায়। তার ফলে পশ্চিমবঙ্গসহ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উত্তরাংশে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আশার কথা হল, পশ্চিমী হাওয়া থাকার ফলে সেটির ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। অন্যদিকে পূর্ব–মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের নিম্নচাপ এলাকায় সংশ্লিষ্ট ঘূর্ণিবায়ু বলয় থেকে উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ পর্যন্ত উত্তর–দক্ষিণমুখী নিমটনচাপ বলয় বিস্তৃত আছে। যার বলে পশ্চিমবঙ্গ থেকে বহুদূরে নিম্নচাপের অবস্থান হলেও ভারি বৃষ্টির পূর্বাভাষ রয়েছে রাজ্যজুড়ে। এর প্রভাবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে বুলেটিনে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বলা হয়েছে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ২৫ সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।
আবহবিদদের মতে, সোমবার থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করবে। পূর্ব –মধ্য ও সংলগ্ন উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে সোমবার ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। মধ্য বঙ্গোপসাগরের কাছে দমকা হাওয়া থাকবে ঘণ্টায় ৭০ কিমি বেগে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা ইতিমধ্যে গিয়েছেন, সোমবারের মধ্যেই তাঁদের উপকুলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik