রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘গুন্ডা’ বলায় কল্যাণের বিরুদ্ধে মানহানি মামলা বিজেপির
সংবাদদাতা, শান্তিপুর, (নদীয়া): রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘গুন্ডা’ বলে আখ্যা দেওয়ায় এবার কল্যাণের বিরুদ্ধে নদীয়ার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সরকার পরিবর্তনের পর গতকাল নদীয়ার শান্তিপুরে প্রথম জেলা কমিটির মিটিং করে মমতা-পন্থী তৃণমূল। শান্তিপুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে অভ্যন্তরীণ মিটিং ডাকা হয়। সেখানেই নদীয়া জেলার বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের আইটি সেল এবং যুবক উপস্থিত ছিলেন। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মিটিংয়ের শুরুতে তিনি বক্তব্য রাখেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি ‘গুন্ডা’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি তার আর্থিক সম্পত্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।
মূলত তারই পরিপ্রেক্ষিতে এদিন বিজেপির পক্ষ থেকে কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাদের দাবি, রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে তিনি যে ভাষায় আক্রমণ করেছেন, তাতে শুভেন্দুর সম্মানহানি হয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিও জানায় বিজেপি।
