সামান্য বৃষ্টিতেই জলযন্ত্রণা, পচা-দুর্গন্ধ, ইসলামপুরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা
সংবাদদাতা, ইসলামপুর: সামান্য বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে রাস্তায়, থমকে যাচ্ছে স্বাভাবিক জনজীবন। নিকাশি নালা বা ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটু বৃষ্টিতেই তৈরি হয় জল জমার সমস্যা। দীর্ঘদিন ধরে স্থায়ী নিকাশি নালা তৈরি না হওয়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে ইসমাইলচক, নয়াবস্তি, পালপাড়া-সহ একাধিক এলাকার বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, পুরসভার নজরদারির অভাবে জল জমার সমস্যার কোনও স্থায়ী সমাধান হচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টি হলেই ৯ নম্বর ওয়ার্ডের নিচু এলাকাগুলিতে একটানা জল জমে থাকে।
শুধু জল জমে থাকাই নয়, সঠিক ভাবে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ায় বর্জ্য ও প্লাস্টিক-আবর্জনা রাস্তায় ভেসে উঠে এলাকায় দুর্গন্ধে ভরে উঠছে। এর ফলে মশা-মাছির উপদ্রব ক্রমশ বেড়ে যাচ্ছে পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের আতঙ্কও বাড়ছে।অনেকদিন জল জমে থাকায় স্কুলপড়ুয়া এবং নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করতে হয়। এলাকাবাসীর একাংশের দাবি, কাউন্সিলারের অসুস্থতার কারণে না থাকায় এই অবস্থাকে আরও জটিল করে তুলেছে।
দীর্ঘদিন ধরে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শারীরিক অসুস্থতার কারণে এলাকায় অনুপস্থিত রয়েছেন। ফলে ওয়ার্ডের দৈনন্দিন উন্নয়নমূলক কাজ ও নিকাশি সংক্রান্ত কাজ বন্ধ হয়ে রয়েছে।নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান এবং আবর্জনা দ্রুত পরিষ্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা একাধিকবার ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের কাছে আবেদন করেছেন। তবে অভিযোগ জানানোর পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। দ্রুত ড্রেন সংস্কার ও আবর্জনা সাফাইয়ের কাজ শুরু না হলে স্থানীয় বাসিন্দারা বড় আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন তারা।
