বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

গুগল ম্যাপ দেখে রাস্তা খুঁজতে গিয়ে ৩০ ফুটের গর্তে বাইক, গুরুতর আহত যুবক

19 September, 2026 5:26 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: গুগল ম্যাপের নির্দেশ মেনে রাস্তা খুঁজে চরম বিপদ। বাইক ইসিএলের খনির প্রায় ৩০ ফুট গভীর গর্তে ঢুকে গুরুতর আহত এক যুবক। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। শনিবার সকালে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি কাঁকসার বসুধা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কেবল অপারেটর। শুক্রবার রাতে কেবলের কাজের সূত্রেই পাণ্ডবেশ্বর এলাকার একটি গ্রামে যাচ্ছিলেন তিনি। এলাকাটি অচেনা হওয়ায় প্রসূনবাবু মোবাইলে গুগল ম্যাপের সাহায্য নেন। ম্যাপের দেখানো পথ ধরেই তিনি একটি পিচ রাস্তা দিয়ে এগিয়ে চলছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি, সামনে অপেক্ষা করছে মৃত্যুফাঁদ।

পশ্চিম বর্ধমানে পুলিশের মেগা সাইবার অভিযান

উল্লেখ্য, পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী এলাকায় বর্তমানে ইসিএল-এর খোলা মুখ কয়লা খনির খনন কাজ চলছে। রাতে পর্যাপ্ত আলো ও সতর্কতামূলক বোর্ড না থাকায় প্রসূনবাবু বিষয়টি টের পাননি। গুগল ম্যাপের নির্দেশে সোজা চালিয়ে যাওয়া পিচ রাস্তাটি হঠাৎ করেই শেষ হয়ে যায় আর খাদ চলে আসে। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত সোজা প্রায় ৩০ ফুট নিচে পড়ে যান তিনি। শুক্রবার গভীর রাত পার হয়ে গেলেও প্রসূনবাবু বাড়ি না ফেরায় চিন্তায় ছিল তাঁর পরিবার সদস্যরা। প্রসূনবাবুর দাদা সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান, রাতে তাঁকে বারবার ফোন করা হলে তিনি কোনো নির্দিষ্ট জায়গা বলতে পারছিলেন না। দুর্ঘটনার ধাক্কায় জায়গা চিনতে না পারায় ফোনে তিনি কখনও অজয় নদীর পার, কখনো দুর্গাপুর, আবার কখনো অন্য অচেনা জায়গার কথা বলছিলেন। এতে পরিবারের চিন্তা আরও বেড়ে যায় এবং রাতে তারা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

অবশেষে শনিবার ভোরের দিকে তার ফোনের লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়। দেখা যায়, পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী খনি এলাকায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসন ও খনি কর্তৃপক্ষকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন খনির আধিকারিক, স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনিক প্রতিনিধিরা। উদ্ধারকাজ সহজ ছিল না। ৩০ ফুট গভীর গর্তে যুবক ও বাইক আটকে থাকায় খনির একটি ভারী পকলেইন মেশিন উদ্ধারকাজে নামানো হয়। পকলেইনের সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে যন্ত্রের বাকটে করে গুরুতর আহত প্রসূনবাবু এবং তাঁর বাইকটিকে ওপরে তুলে আনা হয়। ৩০ ফুট নীচে পড়ে যাওয়া প্রসূনবাবুর শরীরে একাধিক গুরুতর আঘাত লেগেছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসা চলছে।

ট্যাগ: Coal Mine Google Map
প্রতিবেদন

UTSAB RC