বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে সিউড়ির বাজারে টাস্কফোর্সের হানা

19 September, 2026 4:41 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, সিউড়ি: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি রুখতে শনিবার সকালে প্রশাসনিক তৎপরতা দেখা গেল বীরভূম জেলার সদর শহর সিউড়িতে। শহরের প্রধান বাণিজ্যকেন্দ্র টিনবাজার-সহ একাধিক খুচরো ও পাইকারি বাজারে একযোগে আচমকা হানা দিল পুলিশের জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্কফোর্স। বাজারে অতিরিক্ত মুনাফা লোটার প্রবণতা বন্ধ করা এবং সাধারণ ক্রেতাদের স্বস্তি দেওয়াই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। শনিবার সকালে বাজার যখন জমজমাট, ঠিক তখনই জেলা পুলিশের ডিইবি শাখার আধিকারিকদের পাশাপাশি কলকাতা সদর দপ্তর থেকে আসা উচ্চপদস্থ আধিকারিকদের একটি যৌথ দল সিউড়ির বিভিন্ন বাজারে যায়। আকস্মিক এই হানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা সরাসরি সবজি, মাছ, মাংস এবং মুদি দোকানে গিয়ে  নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর খুচরো ও পাইকারি দাম যাচাই করেন। চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলুর মতো জরুরি পণ্যের বিক্রির দর বিস্তারিতভাবে খাতায় লিখে নেন তাঁরা। পাইকারি বাজার থেকে কত দামে জিনিসপত্র কেনা হয়েছে এবং সাধারণ ক্রেতাদের কাছে কত টাকায় তা বিক্রি করা হচ্ছে, তার ক্যাশ মেমো ও হিসাবও মেলাচ্ছেন তারা। অভিযানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক ছিল সঠিক মাপ নিশ্চিত করা। আধিকারিকরা ব্যবসায়ীদের ডিজিটাল ওজন মাপার যন্ত্র এবং বাটখারাগুলি পরীক্ষা করেন। মাপে কোনও কারচুপি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে গিয়ে কয়েকজন ব্যবসায়ীকে সতর্কও করা হয়। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও অবস্থাতেই অকারণে চড়া দামে জিনিস বিক্রি করা যাবে না। সরকার নির্ধারিত দামেই বাজারে বিক্রি করতে হবে।  কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এক ক্রেতা জানান, বর্তমানে বাজারে আনাজপাতি থেকে শুরু করে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। সাধারণ ও মধ্যবিত্ত মানুষের সংসার চালানো দায় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্কফোর্সের নিয়মিত নজরদারি অত্যন্ত জরুরি। এতে অসাধু ব্যবসায়ীদের মনে কিছুটা হলেও ভয় থাকবে। অসাধু উপায় অবলম্বনকারী ও কালোবাজারিদের রুখতে নিয়মিত ও বাধ্যতামূলক ভাবে বাজার পরিদর্শন চলবে। যদি কোনও ব্যবসায়ী অতিরিক্ত দাম নেওয়া বা ওজন কারচুপির অপরাধে যুক্ত থাকেন, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik