Prithvi Shaw: ছয় মাসেই ভাঙল বাগদান, দ্বিতীয় ইনিংসের শুরুতেও ধাক্কা ভারতীয় ক্রিকেটারের
মুম্বই: মার্চে বাগদান। ছ’মাসের মধ্যেই সম্পর্কে ইতি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পৃথ্বী শ-এর সঙ্গে বিচ্ছেদের খবর জানান আকৃতি। তাঁর বক্তব্য, ভবিষ্যতের পরিকল্পনা ও পরিস্থিতি আলাদা হয়ে যাওয়ায় দু’জনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি পারস্পরিক বলেও জানিয়েছেন তিনি। সম্পর্ক ভাঙার নির্দিষ্ট কারণ নিয়ে জল্পনা না করার অনুরোধ করেছেন আকৃতি। পৃথ্বীর তরফে এখনও কোনও বিস্তারিত প্রতিক্রিয়া আসেনি।

Ad
পৃথ্বী শ-এর সঙ্গে সম্পর্কে ইতি টানলেন আকৃতি
৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয়বার ভারতীয় পুরুষ ক্রিকেট দলের হাতে তৃতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ওঠে। সেদিনই কয়েক কিলোমিটার দূরে সমাজমাধ্যম প্রভাবী আকৃতি আগারওয়ালের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার। নিজেই সেই খবর ঘটা করে সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন। তবে সেটাও বেশিদিন টিকল না। পৃথ্বী শ-এর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে আকৃতি জানিয়েছেন, “আমরা একে অপরকে ভালবাসি এবং সমীহ করি। কিন্তু আমাদের রাস্তা যে একই রকম হবে না এটাও মেনে নিতে হয়েছে। যে দায়দায়িত্ব এবং পরিস্থিতি এই মুহূর্তে আমাদের সামলাতে হচ্ছে সেটার কথা ভেবেই মৌখিক সম্মতির ভিত্তিতে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
View this post on Instagram
পৃথ্বী শ-এর জীবনে আবার ধাক্কা
তবে কয়েক মাসের মধ্যেই বদলে গেল গোটা ছবি। ক্রিকেট জীবনে লড়াইয়ের মাঝেই ব্যক্তিগত জীবনেও ধাক্কা খেলেন মুম্বইয়ের ২৬ বছরের এই তরুণ ক্রিকেটার। একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় প্রতিভা হিসেবে উঠে এসেছিলেন পৃথ্বী। ২০১৮ সালে ১৮ বছর ৩২৯ দিন বয়সে টেস্ট অভিষেকেই করেছিলেন ১৩৪ রান। তার আগে তাঁর নেতৃত্বে ভারত জিতেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। কিন্তু পরে ফর্ম, চোট ও ফিটনেসের সমস্যায় জাতীয় দল থেকে ছিটকে যান। ২০২৪ সালে মুম্বইয়ের রঞ্জি দল থেকেও বাদ পড়েন।
আরও পড়ুন: India vs Afghanistan: অভিষেকের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা আফগানরা, সিরিজে চুনকাম ভারতের
ফিরে আসার নতুন লড়াই
আইপিএলেও সময়টা বদলেছে। ২০২৫-এ অবিক্রীত থাকার পর ২০২৬-এ ৭৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস তাঁকে নিলেও একটি ম্যাচেও খেলা হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ ২০২১ সালে। তাই এখন পৃথ্বীর সামনে দু’দিকেই নতুন অধ্যায়। ব্যক্তিগত জীবনে সম্পর্কের ইতি। ক্রিকেটে ফেরার অপেক্ষা। একসময় অভিষেকেই যে ব্যাট ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিল, সেই ব্যাটেই এখন উত্তর দিতে হবে—পৃথ্বী কি আবার ফিরতে পারেন?
