Abhishek Sharma: রাজধানীতে রেকর্ড ভাঙার রাত অভিষেকের
দিল্লি: আফগান বোলারদের নিয়ে যেন ছিনিমিনি খেলে একাধিক রেকর্ড গড়লেন অভিষেক শর্মা! বল মাঠে পড়ার পর থেকে একটাই কাজ, তা সযত্নে বাউন্ডারি সীমা পার করে দেওয়া। কখনও বল গেল সীমানার বাইরে, কখনও গ্যালারির মাঝে। বৃহস্পতিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৭ তম জন্মদিন। এদিন গোটা দেশে আতশবাজির প্রদর্শনী চলেছে, আর খাস রাজধানীর বুকে চার ছয়ের প্রদর্শনী করেছেন ভারতের বাঁ হাতি ওপেনার।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩৪ বলে ১০৮। ৯টি চার, ১১টি ছক্কা। আর সেই ইনিংসেই রেকর্ডের খাতাও ওলটপালট করে দিলেন।

Ad
একাধিক রেকর্ড গড়লেন অভিষেক শর্মা
পাওয়ার প্লে-তে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন অভিষেক শর্মা
শুরুটা ছিল আরও ভয়ংকর। ২২ বলেই ৭৬। অর্থাৎ প্রথম ছয় ওভারে অভিষেকের ব্যাট থেকে ৭৬ রান—পুরুষদের টি-২০ আন্তর্জাতিকে পাওয়ার প্লে-তে কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রান। আগের রেকর্ড ছিল পর্তুগালের কুলদীপ ঘোলিয়ার, ৭৪। সেটা অনায়াসে পেরিয়ে নতুন রেকর্ড গড়লেন অভিষেক ।
চতুর্থ দ্রুততম অর্ধশতরান
তারপর ১৬ বলে পঞ্চাশ। টি-২০ আন্তর্জাতিকে ভারতের হয়ে যুগ্মভাবে চতুর্থ দ্রুততম অর্ধশতরান। কিন্তু অভিষেক তখনও থামার নাম করছেন না। পঞ্চাশ থেকে শতরানে যেতে লাগল মাত্র ১৪ বল। ৩০ বলেই তিন অঙ্ক। রোহিত শর্মার ২০১৭ সালের ৩৫ বলে শতরানের রেকর্ড ভেঙে ভারতের হয়ে টি-২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরানের মালিক হয়ে গেলেন তিনি। শুধু ভারত নয়, কোনও পূর্ণ সদস্য দেশের ব্যাটারেরও এর চেয়ে দ্রুত শতরান নেই।
তৃতীয় দ্রুততম শতরান
বিশ্বের হিসাবেও এই শতরান তৃতীয় দ্রুততম। সামনে শুধু এস্তোনিয়ার সাহিল চৌহান—২৭ বল এবং তুরস্কের মুহাম্মদ ফাহাদ—২৯ বল। পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এত দিন ৩৩ বলে শতরান করে নজির ছিল সিকন্দর রাজা ও ফিন অ্যালেনের। তাঁদেরও পেছনে ফেললেন অভিষেক।
Abhishek Sharma goes full throttle and lands among the fastest Men’s T20I hundreds 💯🚀
More from his knock in Delhi ➡️ https://t.co/q8B2sERLG0 pic.twitter.com/AHyKfvG4t5
— ICC (@ICC) September 17, 2026
দ্রুত পঞ্চাশে রেকর্ড গড়লেন অভিষেক
শুধু শতরান নয়, ২০ বল বা তার কমে পঞ্চাশ করার ক্ষেত্রেও অভিষেক এখন আলাদা জায়গায়। আফগানিস্তানের বিরুদ্ধে ১৬ বলে পঞ্চাশ করে এই ধরনের ষষ্ঠ টি-২০ আন্তর্জাতিক অর্ধশতরান পেলেন তিনি। কোনও ভারতীয় ব্যাটারের এতগুলি দ্রুত পঞ্চাশ নেই। তাঁর নিজের ১৪ বলে পঞ্চাশের রেকর্ড অবশ্য এখনও অক্ষত।
এক ইনিংসে ১১ টি ছক্কা
আর ছক্কা? ১১টি। ভারতের হয়ে এক টি-২০ আন্তর্জাতিক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন শুধু অভিষেক নিজেই—ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২৫ সালে ১৩টি। অর্থাৎ ভারতীয় ব্যাটারের এক ইনিংসে ১০-এর বেশি ছক্কা একাধিক বার মারার নজিরও এখন তাঁর।
আরও পড়ুন: India vs Afghanistan: অভিষেকের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা আফগানরা, সিরিজে চুনকাম ভারতের
আরও পড়ুন: India vs Afghanistan: সঞ্জুর ঝড়ে আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ ভারতের
দশম শতরান
এই ১০৮ আবার টি-২০ ক্রিকেটে অভিষেকের দশম শতরান। অর্থাৎ টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির ১০টি শতরানের নজিরও ছুঁয়ে ফেললেন তিনি। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর তৃতীয় শতরান।
৩৭ ছক্কা
রেকর্ডের খাতা বন্ধ করার আগে আরও একটি হিসাব। ২০২৬ সালে টি-২০ আন্তর্জাতিকের প্রথম ছয় ওভারে অভিষেকের ছক্কার সংখ্যা দাঁড়াল ৩৭—এক ক্যালেন্ডার বছরে পাওয়ার প্লেতে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। গত বছর নিজের করা ৩৪ ছক্কার নজিরও ছাড়িয়ে গেলেন তিনি।
শেষ পর্যন্ত রশিদ খানের বলে ফিরলেন ১০৮ রানে। তাঁর ঝড়ে ভারত ২২১/৭ তোলে এবং আফগানিস্তানকে ১২৭ রানে হারিয়ে সিরিজ ৩-০ জেতে।
