সৌরভের বায়োপিকের শুটিংয়ে পিচ খারাপ, অভিযোগ করেও পয়েন্ট কাটা গেল কাউন্টি দলের
লন্ডন: বিলেতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিংকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একটি কাউন্টি দলের পিচ কিউরেটরের অভিযোগ, গুরুত্বপূর্ণ ম্যাচের চার দিন আগে মাঠে একটি ‘বলিউড সিনেমা’র শুটিং হওয়ার কারণেই পিচের গুণমান খারাপ হয়েছে। তবে সেই যুক্তিতে কান দেয়নি শৃঙ্খলারক্ষা কমিটি। উল্টে সংশ্লিষ্ট কাউন্টি দলটিকে বড় অঙ্কের জরিমানা ও পয়েন্ট কাটার শাস্তি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের লিস্টারশায়ারে। গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি ম্যাচের পিচ অত্যন্ত নিম্নমানের হওয়ায় অভিযুক্ত করা হয় লিস্টারশায়ারকে। ক্রিকেট রেগুলেটর সংস্থার শুনানিতে লিস্টারশায়ারের মুখ্য পিচ কিউরেটর ক্যালাম লিউইন দাবি করেন, “ম্যাচের আগে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে ছিল না। আবহাওয়া ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গ্ল্যামারগন ম্যাচের ঠিক চার দিন আগে সূচির বাইরে থাকা একটি বলিউড ছবির শুটিং হয়। সেই কারণে পিচে কাজ করা এবং তা ঢেকে রাখার সুযোগ পাওয়া যায়নি।”
তবে শৃঙ্খলারক্ষা কমিটি পিচ কিউরেটরের এই দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছে। তাদের মতে, শুটিং হয়েছে মাত্র এক দিন; ফলে তার জন্য পিচ খারাপ হওয়ার কোনও কারণ নেই। উল্টে পিচে প্রচুর ফাটল ধরা পড়ে এবং ম্যাচ রেফারি ইয়ান রামেজ অনিয়ন্ত্রিত বাউন্সের ৪৩টি উদাহরণ তুলে ধরেন।
পিচ তৈরিতে গাফিলতির কারণে শৃঙ্খলারক্ষা কমিটি লিস্টারশায়ারের ২৭ পয়েন্ট কেটে নিয়েছে—যার মধ্যে গ্ল্যামারগন ম্যাচে অর্জিত ১৯ পয়েন্টের পাশাপাশি অতিরিক্ত ৮ পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট কাটার ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশনে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে দলটি। একই সঙ্গে ক্লাবটিকে প্রায় ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
