জন্মদিনে উন্মোচিত মোদির মোমের মূর্তি
সংবাদদাতা, আসানসোল: ইচ্ছা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেই নিজের তৈরি উপহার তুলে দেবেন। কিন্তু সরকারি প্রোটোকল ও নানাবিধ জটিলতায় সেই সুযোগ হয়ে ওঠেনি। তবুও দমে যাননি আসানসোলের বিখ্যাত ভাস্কর সুশান্ত রায়। বিত ২ মাস ধরে পরিশ্রম আর নিখুঁত নিপুণতায় তিলে তিলে তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মোমের মূর্তি। ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই ভাস্কর্যেরই উন্মোচন করা হল সল্টলেকের বিজেপি অফিসে, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের তত্ত্বাবধানে।রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে শিল্পীকে আশ্বাস দেওয়া হয়েছে যে, ভাস্কর্যটি সম্মান ও মর্যাদার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। উল্লেখ্য, গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবা ও প্রশাসনিক সফরকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিশেষ উদযাপন। মাসব্যাপী এই উদযাপনের অংশ হিসেবে সন্ধ্যায় সারাদেশের পাশাপাশি রাজ্য জুড়েও মোদির নামে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনেই সুশান্ত রায়ের তৈরি মূর্তিটি প্রদর্শিত হওয়া নিঃসন্দেহে এক বড় ঘটনা। ২০০১ সাল থেকে মোমের ভাস্কর্য তৈরির কাজ শুরু করেন সুশান্ত রায়। তাঁর শিল্পী জীবনের মোড় ঘোরে তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর অনুরোধে তৈরি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মোমের মূর্তিটির মাধ্যমে। জ্যোতি বসুর জন্মদিনে উপহার দেওয়া সেই মূর্তির কাজ দেখে রাজ্যজুড়ে প্রশংসিত হন তিনি, যা তাঁকে জাতীয় স্তরে ভাস্কর হিসেবে পরিচিতি দেয়। পরবর্তীকালে তাঁর হাতের ছোঁয়ায় প্রাণ পেয়েছে দেশ-বিদেশের একাধিক ব্যক্তিত্বের ভাস্কর্য। তালিকায় আছে মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মূর্তি। সম্প্রতি তিনি তৈরি করেছেন লিওনেল মেসি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোমের মূর্তি। নিজের বাড়িতেই তিনি গড়ে তুলেছেন ওয়াক্স মিউজিয়াম ও শিসমহল। বর্তমানে কেবল পশ্চিম বর্ধমান নয়, সমগ্র পশ্চিমবঙ্গ থেকেই শিল্পানুরাগীরা এই সংগ্রহশালা দেখতে আসানসোলে ভিড় জমান। এছাড়া কলকাতার বিশ্ব বাংলা প্রাঙ্গণ সংলগ্ন নিউ টাউনের মাদার্স ওয়াক্স মিউজিয়ামেও সুশান্ত রায়ের হাতে গড়া একাধিক মূর্তি শোভা পাচ্ছে। প্রধানমন্ত্রীর হাতে প্রথম মূর্তিটি সরাসরি তুলে দিতে না পারলেও হাল ছাড়ছেন না শিল্পী। সাধারণ মানুষের ভালোবাসার কথা মাথায় রেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী দিনে নিজের আসানসোল ওয়াক্স মিউজিয়ামের জন্য নরেন্দ্র মোদির আরও একটি পূর্ণাবয়ব মোমের মূর্তি তৈরি করবেন। সুশান্তবাবু জানান, দেশের সাধারণ মানুষ ও পর্যটকরা যাতে কাছ থেকে মোদির সেই মূর্তি দেখে আনন্দ পান, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। আসানসোলের শিল্পীর এই নিষ্ঠা ও শিল্পকর্ম ফের একবার রাজ্যকে গর্বিত করল।
