বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বিদেশ যাচ্ছেন? ভারতীয় পাসপোর্টে একাধিক দেশের ভিসার নিয়মে বদল, জেনে নিন এখনই

17 September, 2026 4:44 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদাদাতা, নয়াদিল্লি: একাধিক দেশে ভারতীয় পাসপোর্টের ভিসার নিয়ম বদলে গিয়েছে। আপনি যদি বিদেশ যাওয়ার কথা ভাবছেন, বা টিকিট বুক করতে চাইছেন, জেনে নিন কোন কোন দেশের জন্য কী কী নিয়ম বদল হয়েছে।

একাধিক দেশে বদলেছে প্রবেশের নিয়ম

পাসপোর্ট ইনডেক্স  ইন্টারেক্টিভ পাসপোর্ট র‌্যাঙ্কিং টুল, যা নতুন ভিসা-ছাড় ও প্রবেশ-নিয়ম বদলের সঙ্গে সঙ্গে নিয়মিত পরিবর্তিত হয়। এর সাম্প্রতিক রিয়েল-টাইম বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ১৯৯টি দেশের মধ্যে ভারত রয়েছে ৭৩ নম্বর স্থানে।

এই পাসপোর্ট ইনডেক্স থেকেই জানা যাচ্ছে, বেশ কয়েকটি দেশে ভিসা অন অ্যারাইভালের সুযোগ হারিয়েছে ভারতীয় পাসপোর্ট। ২০২৫ সালের তালিকার সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, এখন আরও চারটি দেশের জন্য ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা প্রয়োজন হচ্ছে, আর পাঁচটি দেশে ভারতীয়রা হারিয়েছে ভিসা অন অ্যারাইভালের সুবিধা।

কোন কোন দেশে কী পরিবর্তন

লাওস: ভিসা অন অ্যারাইভাল থেকে ই-ভিসা

২০২৫ সালে ভারতীয় পাসপোর্ট থাকলে লাওসে পৌঁছে ভিসা অন অ্যারাইভাল নিতে পারতেন। বর্তমান পাসপোর্ট ইনডেক্স তালিকায় এখন দেখানো হচ্ছে ই-ভিসার প্রয়োজন। অর্থাৎ এখন থেকে লাওসে পৌঁছনোর আগেই ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

কাতার: ভিসা অন অ্যারাইভাল থেকে ই-ভিসা

একই রকম পরিবর্তন হয়েছে কাতারের ক্ষেত্রেও। আগে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা অন অ্যারাইভালের সুযোগ ছিল, তবে বর্তমান তালিকায় প্রবেশের পথ হিসেবে দেখানো হচ্ছে ই-ভিসাকে।

শ্রীলঙ্কা: ই-ভিসা অন অ্যারাইভাল থেকে ইটিএ

শ্রীলঙ্কাও তাদের প্রক্রিয়া বদলেছে। ২০২৫ সালে পাসপোর্ট ইনডেক্সে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা অন অ্যারাইভালের তথ্য ছিল। বর্তমান তালিকায় দেখা যাচ্ছে, এখন প্রয়োজন হচ্ছে ইলেকট্রনিক ট্র্যাভেল অথোরাইজেশন বা ইটিএ—অর্থাৎ ভ্রমণের আগেই এই অনুমোদন প্রক্রিয়া সেরে ফেলতে হবে।

ইরান: ভিসা অন অ্যারাইভাল থেকে ই-ভিসা

২০২৫ সালের নভেম্বরে আলাদাভাবে এই পরিবর্তন এনেছে ইরানও। আগে ভারতীয় পর্যটকরা ভিসা অন অ্যারাইভালের সুযোগ ব্যবহার করতে পারতেন, তবে বর্তমান ব্যবস্থায় প্রয়োজন হচ্ছে ই-ভিসা।

ইতিবাচক পরিবর্তনও রয়েছে কিছু দেশে

সব পরিবর্তন যে কঠোরতার দিকেই গিয়েছে, তা নয়—কিছু দেশে বিপরীত দিকেও পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।

চিলি, ঘানা ও ভেনেজুয়েলা: ই-ভিসা

২০২৫ সালে চিলিতে ভারতীয় পর্যটকদের জন্য ‘ভিসা প্রয়োজন’ এই বিভাগে রাখা ছিল। এখন সেখানে দেখানো হচ্ছে ই-ভিসার সুযোগ। একই পরিবর্তন এসেছে ঘানা ও ভেনেজুয়েলাতেও, যেখানে সাধারণ ভিসার প্রয়োজনীয়তা বদলে গিয়ে ই-ভিসার পথ খুলে গিয়েছে।

কেপ ভার্দে: তুলে নেওয়া হয়েছে ভিসা অন অ্যারাইভাল

ভারতীয় পর্যটকদের জন্য প্রবেশের নিয়ম কঠোর করেছে কেপ ভার্দেও। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারত-সহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা তুলে দিয়েছে দেশটি।

নিকারাগুয়া: ভিসা প্রক্রিয়া গিয়েছে অনলাইনে

২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের জন্য নিজেদের প্রক্রিয়া বদলেছে নিকারাগুয়া। দেশটির সরকার জানিয়েছে, ভারতীয় পর্যটকরা এখন দুটি উপায়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন—

  • অনলাইনে ইলেকট্রনিক ভিসার জন্য আবেদন
  • ইমেলের মাধ্যমে নিকারাগুয়ার অভিবাসন কর্তৃপক্ষের কাছে ভিসা আবেদনপত্র পাঠানো

এবার তাই বিদেশ যাওয়ার আগে ভিসা আবেদনের জন্য সতর্ক থাকতে হবে ভারতীয় পর্যটকদের। পাসপোর্ট ইনডেক্সের সূত্র অনুযায়ী, গত বছর যা ছিল, সেই নিয়মে পরিবর্তন এসেছে। পুরনো তালিকায় যে দেশ ভিসা অন অ্যারাইভাল হিসেবে দেখানো ছিল, বর্তমানে সেখানে যাত্রার আগেই আবেদনের প্রয়োজন হতে পারে। তাই টিকিট বুকিংয়ের আগে ভাল করে যাচাই করে নিন।

প্রতিবেদন

UTSAB RC